২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত ট্যাক্স-অব্যাহতির ব্যবস্থা করতে না পারলে চ্যাম্পিয়নস ট্রফি ২০০৬ আয়োজনের ভার পাকিস্তানকে দেওয়া হবে ঃ আইসিসি

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বলেছে যে, ভারত সরকার যদি ট্যাক্স-রেয়াত সংক্রান্ত সিদ্ধান্তে উপনীত হতে ব্যর্থ হয় তাহলে ২০০৬ সালের চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের ভার পাকিস্তানকে দেওয়া হবে। যদি ভারত চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের সাথে সংশ্লিষ্ট ট্যাক্স-অব্যাহতি সংক্রান্ত সিদ্ধান্ত মে মাসের মধ্যে নিতে ব্যর্থ হয় তাহলে স্থান পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হবে, শুক্রবার আইসিসি এ কথা জানায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2005, 11:07 AM

Updated : 26 Apr 2022, 05:27 PM

আইসিসি প্রধান এহসান মনি দু’দিন ধরে পরিচালনা পরিষদের গুরুত্বপূর্ণ মিটিং শেষে রিপোটারদের বলেন, “বোর্ড সিদ্ধান্ত নিয়েছে ট্যাক্স-সংক্রান্ত জটিলতা কেটে গেলে ভারতে চ্যাম্পিয়নস ট্রফি ২০০৬ আয়োজন করা হবে।”

গত মাসে ভারতীয় কর্মকর্তাদের কাছে পেশকৃত ১০০% ট্যাক্স-অব্যাহতি সংক্রান্ত আবেদনের বিষয়ে তিনি বলেন, “আমরাও অনুধাবন করতে পারছি যে, সরকার এবং বিসিসিআইয়ের সিদ্ধান্ত নিতে আরও সময়ের প্রয়োজন। তাই আমরা মে মাস পর্যন্ত অপেক্ষা করবো।”

মনি জানান, যদি ভারত মে মাসের ভিতরে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তাহলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের দায়িত্ব দেয়া হবে পাকিস্তানকে।

তিনি আরও বলেন, “আমি মি. পি চিদাম্বরম এবং মি. সুনীল দত্তের সাথে আলোচনা করেছি এবং তারা আমার বক্তব্য ধৈর্য্য ধরে শুনেছেন। এ পযার্য়ে আসার পর আমি বিশ্বাস করি অর্থ মন্ত্রনালয় এ বিষয়ে নজর দেবেন। তাই আলোচনার আর কিছুই নাই।”

তিনি বলেন, “কিন্তু আমরা তাদের একটি নির্দিষ্ট সময় সীমা বেঁধে দিয়েছি। আমরা চাই ১০০% ট্যাক্স অব্যাহতি।”