২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা কাপ ফুটবলে মোহামেডান ও মুক্তিযোদ্ধার শুভ সূচনা

স্বাধীনতা দিবস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে শুভ সূচনা করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মোহামেডান ৪ - ০ গোলের বড় ব্যবধানে আরামবাগ ক্রীড়া চক্রকে পরাজিত করে। দিনের অপর খেলায় মুক্তিযোদ্ধা ৩- ১ গোলে হারায় শেখ রাসেল ক্রীড়া চক্রকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2005, 08:57 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

মোহামেডানের নকিব দুটি এবং কোরিয়ান রিক্রুট তিয়াং কিম ও কিম ঝিউ একটি করে গোল করেন।

ম্যাচের ১৮ মিনিটেই ঝিউয়ের গোলে এগিয়ে যায় মোহামেডান। ডান দিক থেকে উঠে আসা তিয়াং কিম আগুয়ান নকিবের দিকে বল বাড়িয়ে দিলে আরামবাগের গোলরক্ষক আল আমিনের দৃড়তায় নকিব বল জালে পাঠাতে ব্যর্থ হন । কিন্তু ফিরতি বলে পা ছুঁয়ে বল গোলে ঠেলে দেন আরেক কোরিয়ান ঝিউ। ২৮ মিনিটে আবারও এগিয়ে যায় মোহামেডান। এবারও দুই কোরিয়ানের চমৎকার বোঝাপড়ায়। মাঝমাঠ থেকে ঝিউয়ের লব করা বল কিমের পায়ে পড়লে কিম দুর্বল শটে পরাস্ত করেন গোলরক্ষক আমিনকে।

পুরো ম্যাচে দুর্দান্ত খেলা ঝিউ ৩৪ মিনিটে সহজ একটি গোলের সুযোগ নষ্ট করেন। আরামবাগের তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে ঝিউ বল গোলবার লক্ষ্য করে মারলেও তা বারের অনেক উপর দিয়ে বাইরে চলে যায়।

মোহামেডানের তৃতীয় গোলটি আসে খেলার ৩৩ মিনিটে। এবার কিম আক্রমণ চালান বাঁ দিক দিয়ে। কিমের পাস থেকে পাওয়া বল জালে পাঠাতে দেরি করেননি নকিব। চতুর্থ এবং শেষ গোলটি হয় ৫৩ মিনিটে। মুন্নার ব্যাকপাস থেকে বল পেয়ে মোহামেডান অধিনায়ক আলফাজ প্রতিপক্ষের গোল সীমানায় দাঁড়িয়ে থাকা নকিবের কাছে লম্বা ক্রস করেন। নকিব চমৎকার হেডের সাহায্যে বল জালে জড়িয়ে দেন।

দিনের দ্বিতীয় ম্যাচে মুক্তিযোদ্ধা প্রথমার্ধে দুই গোলে এগিয়ে ছিল। ৩৩ মিনিটে বেলালের থ্রো ইন থেকে বল পেয়ে কাঞ্চন চমৎকার হেড করলে শেখ রাসেলের গোলরক্ষক আপেলকে কোন সুযোগ না দিয়ে বল জালে জড়িয়ে যায় (১- ০)।

প্রথমার্ধের শেষ মুহুর্তে আরমানের ভলি করা বল প্রতিপক্ষের গোল বক্সে দাঁড়িয়ে থাকা মনি’র পায়ে গেলে মনি সুযোগের সদ্ব্যাবহার করে গোল সংখ্যা দুইয়ে উন্নীত করেন।

৬৩ মিনিটে ইউসুফের গোলে খেলায় ফেরে শেখ রাসেল। তবে ম্যাচের একবারে অন্তিম মুহুর্তে নাইজেরিয়ান ফুটবলার পলের গোলে আবার এগিয়ে যায় মুক্তিযোদ্ধা ( ৩- ১)। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় পায় মুক্তিযোদ্ধা।

এরআগে প্রধান অতিথি পানি সম্পদ মন্ত্রী মেজর (অবঃ) হাফিজদ্দিন আহমেদ (বীরবিক্রম) টুর্নামেন্টের উদ্বোধন করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া বাফুফে সভাপতি এস এ সুলতান এমপি, এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালও এসময় উপস্থিত ছিলেন।