২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিরুদ্ধে ওয়ানডেতে শোয়েবের ফেরার সম্ভাবনা কম

ভারতের বিরুদ্ধে ২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের আগে পাকিস্তানি স্পিড স্টার শোয়েব আখতারের ফিটনেস ফিরে পাওয়ার সম্ভাবনা নিয়ে সংশয় রয়েছে। তবে সেক্ষেত্রে স্ট্যান্ডবাই হিসেবে রাও ইফতেখার আনজুমকে প্রন্তুত রাখা হয়েছে। পেসার সাব্বির আহমেদরও পাকিস্তানের ওয়ানডে দলে ফেরার সম্ভাবনা রয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2005, 05:26 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে শোয়েবের দলে ফেরার ক্ষীণ সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পরিচালক আব্বাস জায়েদী। জায়েদী বলেন,‘ ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য শোয়েব এখনও প্রস্তুত হতে পারেননি।’ 

শোয়েবের দলে ফেরার ব্যাপারে জায়েদীর মন্তব্য, ‘শোয়েব যদি নিজেকে তৈরী করতে পারে কেবলমাত্র সেক্ষেত্রে তাকে বিবেচনা করা হবে।’

অন্যদিকে বোলিং শুরু করার জন্য তার আরও তিন সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন শোয়েব নিজেই। শোয়েব জানান, ‘টেস্ট কিংবা ওয়ানডের জন্য আমি এখনও পুরোপুরি ফিট নই। আর অর্ধেক ফিটনেস নিয়ে আমি খেলতে চাই না।’

এদিকে যেকোন সময় ভারত সফরের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে পেসার রাও ইফতেখারকে। অন্তত এমনটাই জানিয়েছেন পাকিস্তান দলে প্রধান নির্বাচক ওয়াসিম বারী।

ইফতেখারের ব্যাপারে ওয়াসিম নিজেই সাফাই গেয়েছেন। প্রধান নির্বাচকের বক্তব্য হচ্ছে- ‘যদিও ওয়ানডের জন্য এখনও দল নির্বাচন করা হয়নি তারপরও অস্ট্রেলিয়ায় চমৎকার পারফরমেন্স দেখিয়ে দলে ঢোকার দাবী জোরালো করেছে রাও।’