২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন বৃষ্টির কারণে পন্ড

ভারি বৃষ্টিপাত এবং ঘন কুয়াশার কারণে শুক্রবার থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় বেসিন রিজার্ভ টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2005, 10:33 AM

Updated : 26 Apr 2022, 05:27 PM

আমপায়ার ডেভিড শেফার্ড এবং রুডি কোয়ার্টজেন জানান, বাকি চারদিনের প্রতিদিনই নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগে খেলা শুরু হবে এবং আধা ঘন্টা আগেই খেলা শেষ হবে। সময় পুষিয়ে নেয়ার জন্যই এ ব্যবস্থা। যদিও আবহাওয়া বার্তায় বলা হয়েছে সপ্তাহ জুড়েই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ক্রাইস্টচার্চে প্রথম টেস্ট ম্যাচে নয় উইকেটে জয় লাভ করেছিল অস্ট্রেলিয়া। যে দল নিয়ে তারা খেলেছিল সেই একই দল দ্বিতীয় টেস্ট ম্যাচেও খেলছে এবং আবারও ১২তম খেলোয়ার হিসেবে নেয়া হয়েছে ব্রেট লিকে।

ব্রেট লি আশা করেছিলেন অস্ট্রেলিয়ায় ফিরে গিয়ে ব্রিসবেনে কুইন্সল্যান্ডের বিরুদ্ধে ঘরোয়া ফার্স্ট-ক্লাস ত্রিকেট লিগে নিউ সাউথ ওয়েলসের পক্ষে খেলবেন। কিন্তু টসের আগেই যদি কেউ ইনজুরির কবলে পড়ে সেই কথা মাথায় রেখে তাকে দলের সঙ্গে থাকতে হচ্ছে।

নিউজিল্যান্ড ক্রাইস্টচার্চে যে দল নিয়ে খেলেছিল ওয়েলিংটনেও সেই একই দল থাকছে। কিন্তু ১২তম খেলোয়ার হিসেবে কাকে নেয়া হবে তা এখনও চুড়ান্ত হয়নি।

প্রথম টেস্ট ম্যাচে অফ-স্পিনার পল ওয়াইজম্যানকে ১২তম খেলোয়ার হিসেবে দলে নেয়া হয়েছিল। কিন্তু অধিনায়ক স্টিফেন ফ্লেমিং বলেন, বেসিন রিজার্ভে তিনিই হতে পারেন তুরুপের তাস।

তবে কিউইদের জন্য দুঃসংবাদ বয়ে এনেছে ড্যানিয়েল ভেট্টোরির পিঠের ব্যথা।