কলকাতা টেস্ট: পাকিস্তানের লক্ষ্য দ্রুত ভারতীয় ব্যাটসম্যানদের প্যাভিলিয়নে ফেরৎ পাঠানো
ভারত ও পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে সকালের সেশনেই ভারতের টেইল-এন্ডার ব্যাটসম্যানদের প্যাভিলিয়নে ফেরৎ পাঠানোর পরিকল্পনা আঁটছে পাকিস্তান খবর বিভিন্ন বার্তা সংস্থার।
দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষ বলে ভারতীয় সহ-অধিনায়ক রাহুল দ্রাবিড়কে পাকিস্তানি স্পিনার দানেশ কানেরিয়া আউট করে সফরকারীদের পক্ষ থেকে এ কথাই বুঝিয়েছেন যে, তারা খেলার ছন্দ ফিরে পেয়েছেন।
কিন্তু ভারতের ছয় উইকেটে ৩৪৪ রানের স্কোরটিও খেলায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বেশ বড় স্কোর এবং ভারতীয় শিবির আশা করছে তাদের লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা টোটাল রান ৪০০তে উন্নীত করতে সক্ষম হবেন।
টেস্টের প্রথম দিনের উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে শচীন টেন্ডুলকারের ১০,০০০ টেস্ট রানে পৌঁছানো। টেস্ট ক্রিকেটে অ্যালান বর্ডার, সুনীল গাভাসকার, স্টিভ ওয়াহ এবং ব্রায়ান লারার পর শচীন টেন্ডুলকার হচ্ছেন পঞ্চম ব্যক্তি যিনি ১০,০০০ রান পূর্ণ করলেন।
তবে সকলের মধ্যে শচীনই সবচেয়ে কম ইনিংস খেলে ১০ হাজার রান করার গৌরব অর্জন করলেন। ওই ম্যাচে শচীন ৫২ রানে আউট হয়ে যান।
প্রথম টেস্ট ম্যাচে ৯৪ রানে আউট হয়ে যাওয়ায় তিনি ৩৫তম সেঞ্চুরির নাগাল পাননি। টেস্ট ম্যাচে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড এখনও গাভাস্কারের হাতেই।
শচীন বলেন, “আমি প্রতিটি ইনিংসে সেঞ্চুরি করার জন্যই খেলতে নামি। কিন্তু কি করবো, আউট হয়ে গেলাম।”
”তবে,” তিনি বলেন, ”১৫ বছর আগে আমি যেমন সেঞ্চুরি করার চেষ্টা করেছিলাম ঠিক তেমনি এবারও চেষ্টা করেছিলাম। যদি আমি সেঞ্চুরি করতে পারতাম তাহলে তা আমার জন্য যারপর নাই খুশির বিষয় হত।”
