সাবেক জাতীয় হকি খেলোয়াড় পুশকিন আর নেই
জাতীয় হকি দলের সাবেক খেলোয়াড় এবং জাতীয় হকি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান পুশকিন মস্তিষ্কে রক্তক্ষরণে বুধবার সন্ধ্যায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, একমাত্র ছেলে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও ভক্ত রেখে গেছেন। তার নামাজে জানাজা বৃহস্পতিবার দুপুরে আবাহনী লিমিটেড মাঠে অনুষ্ঠিত হবে।
পুশকিন আবাহনী লিমিটেডের হকি সম্পাদক এবং আওয়ামী যুবলীগের নেতা ছিলেন।
পুশকিনের মৃত্যু সংবাদ শুনে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, সতীর্থ খেলোয়াড় এবং আবাহনীর কর্মকর্তাবৃন্দ বাংলাদেশ মেডিকেলে ছুটে যান।
প পারিবারিক সূত্র জানায়, সকালে অসুস্থ বোধ করলে তাকে বাংাদেশ মেডিকেলে আনা হয় এবং তার অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে।
জনপ্রিয় ক্রীড়া সংগঠক এবং সাবেক এই হকি খেলোয়াড়ের মৃত্যুতে সংসদে বিরোধী দলীয় নেত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন।
তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক সচিব ও বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাবেক জাতীয় ফুটবলার দেওয়ান শফিউল আরেফিন টুটুল এবং বাংলাদেশ হকি ফেডারেশন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে।
