এএফসি কাপের হোম ম্যাচে হেরে গেল মুক্তিযোদ্ধা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে বুধবার মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এএফসি কাপের হোম ম্যাচে জর্ডানের আল ফয়সালি ক্লাবের কাছে ০-৩ গোলে হারে। বিজয়ী দলের পক্ষে গোল করেন মোইয়াদ সালিম মনসুর, আবদেল হাদি এবং সিরাজ আহমেদ।
আল ফয়সালি ক্লাবের সুঠামদেহী দীর্ঘকায় খেলোয়াড়রা বাংলাদেশী ফুটবলারদের চেয়ে অনেক বেশি গতিময় এবং সুগঠিত ছিল। খেলার প্রথমার্ধে মুক্তিযোদ্ধা এক গোলে পিছিয়ে ছিল।
ম্যাচের ১২ মিনিটে কাঞ্চনের একটি হেড প্রতিপক্ষের গোল বারে লেগে ফিরে গেলে মুক্তিযোদ্ধা সহজ সুযোগ নষ্ট করে। এছাড়া ২৭ মিনিটে স্ট্রাইকার কাঞ্চন এবং মনির ব্যর্থতায় মুক্তিযোদ্ধা ম্যাচের নিয়ন্ত্রন নিতে সমর্থ হয়নি।
৩৬ মিনিটে জর্ডানের মনসুরের গোল বক্সের বাইরে থেকে নেয়া তীব্র শটটি গোলরক্ষক আমিনুল ফেরাতে ব্যর্থ হলে এগিয়ে যায় আল ফয়সালি।
দ্বিতীয়ার্ধের তিন মিনিটে রজনীকে ইন্দোনেশিয়ার রেফারী নাপিতুপুলু জিমি দ্বিতীয় হলুদ কার্ড দেখালে ১০ জনের দলে পরিনত হয় মুক্তিযোদ্ধা। রজনীকে হারিয়ে মুক্তিযোদ্ধা মরিয়া হয়ে আক্রমন চালালেও উল্টো আরও দুটি গোল হজম করে।
৬৩ মিনিটে মোইয়াদ সালিম মনসুর এবং আরকান সামুনের সহযোগিতায় আবদেলহাদি যখন দ্বিতীয় গোল করেন তখন গোলরক্ষক আমিনুলকে অসহায় মনে হয়েছে।
৭৮ মিনিটে কাঞ্চন টিটুর নিচু পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষের গোল রক্ষককে একা পেলেও বল জালে ফেলতে ব্যর্থ হন।
খেলার শেষ বাশিঁ বাজার চার মিনিট আগে সিরাজ আহমেদ আল ফয়সালির হয়ে তৃতীয় এবং শেষ গোল করেন।
হলুদ কার্ড: রজনী (দুইবার) এবং মনি (মুক্তিযোদ্ধা), খালেদ আল মালতাহ, মনসুর এবং সিরাজ আহমেদ (আল ফয়সালি)।
