জাতীয় ক্রিকেটের পয়েন্ট টেবিলে চট্টগ্রামের সাথে যোগ দিয়েছে রাজশাহী
এমএম ইস্পাহানি জাতীয় ক্রিকেট লিগের চারদিনের ম্যাচে প্রথম জয় পেয়েছে রাজশাহী। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে মঙ্গলবার স্বাগতিকরা পাঁচ উইকেটে বরিশালকে পরাজিত করে।
এই জয়ের ফলে রাজশাহী লিগ টেবিলে ১৮ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে চট্টগ্রামের সাথে অবস্থান করছে। ছয় পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অবস্থান করছে ঢাকা।
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনা ও সিলেটের মধ্যকার ম্যাচটি ড্র হলেও প্রথম ইনিংসে লিডের কারনে চার পয়েন্ট লাভ করেছে সিলেট। বর্তমানে সিলেটের পয়েন্ট ৮ এবং খুলনার ১২।
রাজশাহী - বরিশাল
ওপেনার মনিরুজ্জামানের অনবদ্য ৬০ রানে ভর করে রাজশাহী পাঁচ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
রাজশাহীর দুই ওপেনার ৭৪ রানের জুটি গড়ে দলকে সুন্দর সূচনা এনে দেন। পরে নাদিফ চৌধূরীর বলে শাহনেওয়াজের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন মনিরুজ্জামান। ৬৯ বলের ইনিংসে ১১টি বাউন্ডারি রয়েছে তার।
৯০ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে রাজশাহী ধাক্কা খেলেও অন্য ওপেনার নাঈম ইসলাম ( ৪৪ রান) এবং ফরহাদ হোসেন (৩৬ রান) দলের স্কোর ১৩৩ এ নিয়ে যান। এঅবস্থায় নাঈম শাহনেওয়াজের বলে বোল্ড হয়ে যান।
এরপর হাসানুজ্জামান ১১ এবং আনিসুর রহমান ৪ রান করে দলকে নিরাপদে জয়ের বন্দরে পৌঁছে দেন।
বরিশালের নাদিফ চৌধুরী ৫৪ রানে তিনটি এবং শাহনেওয়াজ কবির ৪৭ রানের বিনিময়ে দু’টি উইকেট লাভ করেন।
রাজশাহীর সাইফুল্লাহ খান দুই ইনিংস মিলিয়ে ১৩৯ রান খরচায় আট উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
সিলেট - খুলনা
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে মাশরাফি ফার্স্ট-ক্লাস ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন। তবে ফলোঅনে পড়েও খুলনা সিলেটের সাথে ম্যাচ ড্র করতে সক্ষম হয়েছে। খুলনা তাদের দ্তিীয় ইনিংসে নয় উইকেটে ২৭৯ রান করে।
লিগের চতুর্থ রাউন্ডে চট্টগ্রামের সাথে পরাজিত হলেও এই ম্যাচে খুলনাকে ফলোঅনে পাঠিয়ে সুবিধাজনক অবস্থানে ছিল সিলেট। সিলেটের ৪২১ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে খুলনা প্রথম ইনিংসে ২৪২ রানে অল আউট হয়েছিল।
এঅবস্থায় সিলেটকে পুনরায় ব্যাটিংয়ে পাঠাতে খুলনার আরও ৩০ রান প্রয়োজন ছিল। কিন্তু স্বাগতিকরা আগের দিনের ২১৮ রানের সাথে মাত্র ২৪ রান যোগ করতে সক্ষম হয়।
দ্বিতীয় ইনিংসে চার নম্বরে ব্যাট করতে নেমে মাশরাফি ১৪০ বলে ১৩টি চার এবং পাঁচটি ছয়ের সাহায্যে ১৩২ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন।
খুলনা একপর্যায়ে ৯৯ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকে। কিন্তু মাশরাফি সালাউদ্দিন এবং পরিবর্তিত অধিনায়ক মাঞ্জারুল ইসলাম রানার সাথে দু’টি জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। রানা ৭৬ বলে ৪১ রান করেন।
রানার আউটের পর খুলনার শেষের সারির পাঁচ ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে ব্যর্থ হলে মাশরাফি কার্যকর সহযোগিতা থেকে বঞ্চিত হন।
সিলেটের ইমতিয়াজ হোসেন, তাপস বৈশ্য, অলোক কাপালী ও রেজাউল হক দু’টি করে উইকেট নেন।
