২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল একাডেমী প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন ডেভিড বেকহ্যাম

ইংল্যান্ডের অধিনায়ক এবং রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম ফুটবল খেলা থেকে অবসর গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। অবসর গ্রহণের পর বেকহ্যাম একটি ফুটবল একাডেমী প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন এবং সে উদ্দেশ্যে কয়েক মিলিয়ন পাউন্ড জোগাড়ের প্রতিজ্ঞা করেছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2005, 11:50 AM

Updated : 26 Apr 2022, 05:27 PM

চলতি বছরেই গ্রীনউইচে মিলেনিয়াম ডোমের পাশে ডেভিড বেকহ্যাম একাডেমী উদ্বোধন করা হবে। বেকহ্যাম এ গ্রীষ্মে তার একাডেমির ২৫০০০ শিশুর প্রত্যেককে অর্থ-সহায়তা দেবেন। এক সপ্তাহের একটি কোর্স সম্পুর্ণ করতে প্রতি শিশুর ২৫০ পাউন্ড খরচ হবে। অতএব বেকহ্যামকে এ উদ্দেশ্যে প্রচুর অর্থ ব্যয় করতে হবে।

বেকহ্যাম বলেন, “অনেক অর্থ লাগবে কিন্তু আমি তা জোগাড় করতে পারবো বলে আশা করি। আমি ফুটবল খেলে প্রচুর অর্থ জোগাড় করেছি এবং আমার উপার্জন থেকেও কিছু দিতে চাই। ফুটবল স্কুলের সাথে যদি আমার নাম ও অর্থ যুক্ত হয় তবে তা আমার জন্য খুবই সৌভাগ্যের কথা।”

ববি চার্লটনের ফুটবল স্কুলের সাথে শিশু অবস্থা থেকেই যুক্ত ছিলেন বেকহ্যাম তাই শিশু তারকাদের সাথে কাজ করতে তিনি খুবই আগ্রহী।

“মানুষ প্রায়ই আমাকে প্রশ্ন করে খেলা ছেড়ে দেয়ার পর আমি কি করতে যাচ্ছি। আমি সব সময়ই ফুটবল স্কুলের ব্যাপারে আমার আগ্রহের কথা বলেছি। কারণ স্কুল-পর্যায় থেকেই আজ আমি এ অবস্থায় পৌঁছেছি।”

“এই মুহূর্তে আমার ফুটবল ক্যারিয়ার তুঙ্গে কিন্তু আমি বুড়ো বয়সে কোনও লিগে খেলতে চাই না। আমি সেই ধরনের ফুটবলার যে সর্বোচ্চ পর্যায়ে খেলতে চায়, সর্বোচ্চ পর্যায়ে টিকে থাকতে চায়। যতদিন শীর্ষ অবস্থানে থেকে খেলা সম্ভব ততদিন আমি ফুটবল খেলবো এবং তার পরেই আমার ফুটবল ক্যারিয়ারের ইতি হবে।”

বেকহ্যামের সাথে একাডেমী পরিচালনায় সাহায্য করবেন ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের তরুণ কোচ এরিক হ্যারিসন।

একাডেমীটি কোটি কোটি পাউন্ড ব্যয় সাপেক্ষে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং এ প্রকল্পটির পরিচালনার দায়িত্বে আছে আউশভিচ এন্টারটেইনম্যান্ট।