ক্রিকেট-জাতীয় লিগ
এম এম ইস্পাহানি ৬ষ্ঠ জাতীয় ক্রিকেট লিগে ঢাকা চার দিনের ম্যাচে এক ইনিংস, দুই রানে পরাজিত করেছে স্বগাতিক চট্টগ্রামকে। এই জয়ের ফলে ওয়ানডে ম্যাচ বাকি থাকতেই চট্টগ্রামকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে গেছে ঢাকা ।
এই মুহুর্তে ঢাকা ২৪ পয়েন্ট নিয়ে একক ভাবে শীর্ষে রয়েছে। অন্যদিকে চট্টগ্রাম পাঁচ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বরিশালের বিরুদ্ধে স্বাগতিক রাজশাহী জাতীয় লিগে প্রথম জয়ের দ্বারপ্রান্তে চলে এসেছে। জয়ের জন্য তাদের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে ১৬৫ রান, হাতে রয়েছে পুরো দশটি উইকেট এবং একদিন।
এদিকে সিলেটের ৪২১ রানের জবাবে খুলনা তৃতীয় দিন শেষে আট উইকেটে ২১৮ রান করে ম্যাচ ড্রয়ের দিকে নিয়ে যাচ্ছে।
ঢাকা-চট্টগ্রাম
জাতীয় দলের আফতাব আহমেদের ১০৮ বলে ১২টি চার এবং চারটি ছয়ের সাহায্যে করা দলীয় সর্বোচ্চ ৯৬ রানের ইনিংসটিও দলের পরাজয় ঠেকাতে ব্যর্থ হয়।
দলের নিয়মিত খেলোয়াড় আজম ইকবাল, নাফিস ইকবাল এবং নাজিমুদ্দিনকে ছাড়া খেলতে নেমে চট্টগ্রাম ৭৬ রানে তিন উইকেট হারানোর পরও লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল। আনোয়ার হোসেন মনির একাই চট্টগ্রামের তিনটি উইকেট নিয়ে চট্টগ্রামের ইনিংসে ধস নামান।
চতুর্থ উইকেট জুটিতে আফতাব এবং এহসানুল হক ১২৭টি মুল্যবান রান যোগ করেন। এহসানুল ৬৬ রান করে আশরাফুলের বলে এলবিডব্লিউ হয়ে যান। মনিরের পর আশরাফুল চট্টগ্রামের মিডল অর্ডারের তিনটি উইকেট নিয়ে দ্বিতীয়বার ধস নামান।
সাতনম্বর ইয়াসিন আরাফাত এবং গাজী আলমগীর অষ্টম উইকেট জুটিতে ৫৩ রানের আরেকটি পার্টনারশীপ গড়ে তুললেও ঢাকাকে পুনরায় ব্যাটিংয়ে পাঠাতে পারেননি।
রাজশাহী-বরিশাল
রাজশাহীর সাইফুল্লাহ খানের ৬৫ রানে পাঁচ উইকেট শিকার বরিশালকে মাত্র ১৬২ রানে গুটিয়ে যেতে বাধ্য করে। এছাড়া পেসার আলমগীর কবির বরিশালের প্রথম সারির তিনজন ব্যাটসম্যানকে আউট করে সাইফুল্লাহর কাজটা অনেকটাই সহজ করে দিয়ে যান।
বরিশালের আরাফাত সানী দলের পক্ষে সর্বোচ্চ ৪০ এবং নয় নম্বর ব্যাটসম্যান নাদিফ চৌধুরী ৩৩ রান করেন। বরিশালের ছয়জন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় পৌঁছুতে ব্যর্থ হন।
এরআগে রাজশাহী পাঁচ উইকেটে ২৩৪ রান নিয়ে খেলতে নামলেও বিস্ময়কর ভাবে মাত্র ২৬২ রানেই অলআউট হয়ে গেলে বরিশাল তিন রানের লিড পায়।
সিলেট-খুলনা
সিলেটের বিরুদ্ধে ফলোঅন এড়ানোর জন্য খুলনার এখনও চার রান প্রয়োজন। তাদের হাতে রয়েছে দুই উইকেট। দিনশেষে খুলনা ২১৮ রান করতে সক্ষম হয়। মাঞ্জারুল ইসলাম রানা ৪৯ রান করে ক্রিজে রয়েছেন। দলের পক্ষে মাশরাফি বিন মর্তুজা সর্বোচ্চ ৭০ রান করেন ৯৯ বল খেলে।
খুলনার স্পিনার নাবিল সামাদ ৪৫ রান দিয়ে চার উইকেট দখল করেন।
