সেঞ্চুরির দ্বারপ্রান্তে আম্পায়ার বাকনর
অন্যরকম এক সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন ক্যারিবিয়ান আম্পায়ার স্টিভ বাকনর। ভারত পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টে বাকনর যখন কলকাতার ইডেন গার্ডেনে ৯০,০০০ দর্শকের সামনে দাঁড়াবেন তখনই তিনি শততম টেস্ট ম্যাচ পরিচালনার এক বিরল গৌরব লাভ করবেন।
তবে ১৬ বছর আগে প্রথম টেস্ট পরিচালনার সময় ৫৮ বছর বয়স্ক এই জ্যামাইকান আম্পায়ার যেমন নার্ভাস হয়েছিলেন ঠিক তেমনটাই বোধ করছেন শততম টেস্টের আগে।
সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে বাকনর বলেন, ‘অন্যান্য সময়ের চাইতে প্রস্তুতিটা একটু বেশিই থাকবে। কারণ উপমহাদেশের অন্যান্য ভেন্যুর তুলনায় ইডেনে খেলা পরিচালনা করা বেশ কঠিন।’
চারটি বিশ্বকাপে দায়িত্ব পালন করা বাকনর ১৯৮৯ সালের এপ্রিলে নিজ দেশ জ্যামাইকার কিংসটনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট পরিচালনার মাধ্যমে টেস্ট আঙ্গিনায় পা রাখেন।
কলকাতায় পাক-ভারত দ্বিতীয় টেস্টে বাকনেরর সঙ্গী হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ার ড্যরিল হেয়ার। হেয়ারের টেস্ট পরিচালনার ভান্ডারও কম সমৃদ্ধ নয়। ৬০টি টেস্টের অভিজ্ঞতা রয়েছে তার। অন্যদিকে ইংল্যান্ডের ডেভিড শেফার্ড ৮৭ টেস্টে আম্পায়ারিং করে বাকনরের কাছাকাছি অবস্থান করছেন।
