২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট-জাতীয় লিগ

চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে ইস্পাহানি জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের চারদিনের ম্যাচে স্বাগতিক দল ঢাকার বিরুদ্ধে ফলোঅনে পড়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2005, 09:11 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

চট্টগ্রামের অধিনায়ক আজম ইকবাল এবং নাজিমুদ্দিন ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পড়ায় খেলতে পারছেননা। অন্যদিকে ওপেনার নাফিস ইকবালও তার পিঠের ব্যাথার কারনে দল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।

চারদিনের ম্যাচের দ্বিতীয় দিন রাজশাহী এবং সিলেট তাদের প্রতিপক্ষ যথাক্রমে বরিশাল ও খুলনার বিরুদ্ধে চালকের আসনে বসে গেছে।

ঢাকা-চট্টগ্রাম

ঢাকার প্রথম ইনিংসের ৪৪৩ রান তাড়া করতে নেমে চট্টগ্রাম তাদের প্রথম ইনিংসে মাত্র ১৪৬ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও দিনশেষে এক উইকেট হারিয়ে ২৯ রান করেছে। ইলিয়াস সানী এক এবং ফয়সাল হোসেন ডিকেন্স ১৮ রান করে অপরাজিত রয়েছেন।

ওপেনার মোহাম্মদ রাব্বি দলীয় সর্বোচ্চ ৬৪ এবং হাবিব ২৪ রান করে উভয়ই এলবিডব্লিউ হন। অপর ওপেনার নাফিস ১২ রান করার পর পিঠের ব্যাথার কারনে মাঠ ছাড়তে বাধ্য হন।

এরআগে ঢাকা আগের দিনের ২৮০ রান নিয়ে খেলতে নেমে ৪৪৩ রানে তাদের ইনিংস শেষ করে। সাজ্জাদ কাদির এবং তালহা জুবায়ের দু’জনই অর্ধশতক হাঁকান। ঢাকার সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল আগের দিনের ১১৫ রানের সাথে আর ১১ রান যোগ করে প্যাভিলিয়নে ফেরেন। ১৭৭ বলে সাজানো আশরাফুলের ইনিংসে ২০টি চার এবং একটি ছয়ের মার রয়েছে।

উইকেটরক্ষক সাজ্জাদ কাদির ৫৯ এবং তালহা জুবায়ের ৫০ রান করেন।

রাজশাহী-বরিশাল

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকরা দুই অপরাজিত হাফ সেঞ্চুরিয়ান হাসানুজ্জামান এবং আনিসুর রহমানের দায়িত্বশীল ব্যাটিংয়ে দিনশেষে পাঁচ উইকেটে ২৩৪ রান তুলতে সক্ষম হয়েছে।

হাসানুজ্জামান ১৪৯ বলে ১২টি চারের সাহায্যে ৭৩ এবং আনিস ১৪৫ বলে আটটি বাউন্ডারির মাধ্যমে ৬০ রান করে অপরাজিত রয়েছেন। এছাড়া ফরহাদ রেজা ৬৮ ও ফরহাদ হোসেন ২৪ রান করেন।

বরিশালের হুমায়ুন কবির ৪৬ রানের বিনিময়ে দু’টি উইকেট লাভ করেন।

অন্যদিকে বরিশাল আগেরদিনের ২৫০ রানের সাথে এদিন আর মাত্র ১৫ রান যোগ করে ২৬৫ রানে তাদের প্রথম ইনিংস শেষ করে।

সিলেট-খুলনা

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিরুদ্ধে মনিরুজ্জামানের অপরাজিত ১৫০ রানের কল্যানে দিনশেষে পাঁচ উইকেট হারিয়ে ৩২৯ রান করে ম্যাচের নিয়ন্ত্রন নিয়েছে সিলেট।

সিলেটের দুই ওপেনার গোলাম রহমান এবং মনিরুজ্জামান প্রথম উইকেট জুটিতে ২০৬ রান করেন। গোলাম রহমান মাত্র ছয় রানের জন্য লিগে তার দ্বিতীয় সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছেন। ১৮২ বলে তিনি ১২টি চারের সহায়তায় ৯৪ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন।

দিনশেষে মনিরের সাথে চার রান নিয়ে ক্রিজে রয়েছেন তাপস বৈশ্য।

খুলনার ডলার মাহমুদ, আব্দুর রাজ্জাক এবং জামালউদ্দিন একটি করে উইকেট লাভ করেন।