জিম্বাবুয়ে এ দলের বিরুদ্ধে বাংলাদেশ এ দলের সিরিজ পরাজয়
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ এ দল পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ৩-২ এ স্বাগতিকদের কাছে পরাজিত হয়েছে। বুলাওয়ার কুইনস স্পোর্টস ক্লাব মাঠে শনিবার সিরিজ নির্ধারনি ম্যাচে স্বাগতিকরা সফরকারীদের ৫ উইকেটে পরাজিত করে।
বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৭ রান তোলে। জয়ের জন্য ১৯৮ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে স্বাগতিকরা ১৪ বল বাকি থাকতেই হাতে আরও ৫টি উইকেট রেখে জয় ছিনিয়ে নেয়। এর আগে বাংলাদেশ এ দল একই প্রতিপক্ষের বিরুদ্ধে একটি তিনদিনের ম্যাচে এবং চারদিনের টেস্ট সিরিজে ৩-০তে জয়ী হয়।
প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমে মাত্র ৬ রানের মধ্যেই বাংলাদেশ দু’ উদ্বোধনী ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে। এক পর্যায়ে বাংলাদেশ ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে বসে। ওয়াসলেউদ্দিন দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন। সানোয়ার হোসেন ২৯, তুষার ইমরান ২৭ এবং সামসুর রহমান ২৫ রান করেন।
জিম্বাবুয়ের পক্ষে ম্যাকমিলান ৪৪ রানে তিন উইকেট এবং স্ট্র্যাং ও মাওয়েঙ্গা যথাক্রমে ২৭ ও ২৮ রান খরচায় দুটি করে উইকেট লাভ করেন।
১৯৮ রান তাড়া করতে নেমে ডাফিন ২০ রানে ফিরে গেলেও জিম্বাবুয়েকে তেমন কোন সমস্যার সম্মুখীন হতে হয়নি। ওপেনার চিম্ভাবার ৫৮ এবং এভরিনের অপরাজিত ৬৫ রানের সুবাদে ১৯৮ লক্ষ্যে পৌঁছে যায়।
সাহাদৎ হোসেন রাজীব ৪৭ রানের বিনিময়ে ২ উইকেট লাভ করেন। রাসেল ওয়াসলেউদ্দিন এবং মাহমুদউল্লাহ যথাক্রমে ৩৩, ৩৯ এবং ৪০ রানের বিনিময়ে একটি করে উইকেট নেন।
