ভারতের বিরুদ্ধে ড্র হওয়া টেস্টে দলের লড়াই দেখতে পারলেন না পাকিস্তানী অধিনায়ক
ভারতের বিরুদ্ধে ড্র হওয়া প্রথম টেস্টে তার দলের খেলোয়াড়দের লড়াই দেখেননি পাকিস্তানের অধিনায়ক ইনজামাম-উল-হক। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
প্রায় আশাহীন অবস্থা থেকে দলকে পঞ্চম বা শেষ দিনে টেনে নিয়ে আসার পর ইনজামাম বলেন, ‘এটা আমার অভ্যাস। দলের করুণ অবস্থা অবলোকন করা খুবই কষ্টকর। তবে কামরান আকমল ও আবদুল রাজ্জাকের শেষ মুহুর্তের খেলা দেখতে আমি ড্রেসিং রুমের বাইরে এসেছিলাম।’
কিপার ব্যাটসম্যান কামরান আকমল এই টেস্টে তার প্রথম সেঞ্চুরী করেন। রাজ্জাক করেন ৭১ রান। সপ্তম উইকেট জুটিতে তারা ১৮৪ রান যোগ করে দলীয় রেকর্ড গড়েন।
পাকিস্তান ২০৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে নয় উইকেটে ৪৯৬ রান করে। এর ফলে তাদের লিড দাড়ায় ২৯৩ রান। দিনের বাকি ২৫ ওভারে ভারতের ড্র করা ছাড়া আর কোনও উপায় ছিল না।
ইনজামাম বলেন, প্রায় পরাজয়ের দ্বারপ্রান্ত থেকে ড্র করায় দলের খেলোয়াড়দের মনোবল অনেকগুন বেড়েছে। আগামী দুই ম্যাচে আমরা ভাল করব। এমনকি আমাদের সামনে সিরিজ জেতারও সুযোগ রয়েছে।
এদিকে ভারতের অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ম্যাচ ড্র করার পুরো কৃতিত্ব দিয়েছেন সফরকারী দলকে।
হতাশার সঙ্গে তিনি বলেন, ম্যাচের এ ফলাফল মেনে নেওয়া খুবই কষ্টদায়ক। কেননা আমরা জয়ী হওয়ার মতে অবস্থায় ছিলাম।
তিনি আরও বলেন, আমরা প্রথম চারদিন ভাল খেললেও শেষের দিন ভাল করতে পারিনি। তবে কোলকাতা টেস্টের ব্যাপারে আমি আশাবাদী।
