২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরনো রূপে ফিরছে জাতীয় ক্রিকেট

জাতীয় দলের ক্রিকেটাররা নিজ নিজ দলে যোগ দেয়ায় এমএম ইস্পাহানী জাতীয় ক্রিকেট লিগ আবারও তার জৌলুস ফিরে পেতে যাচ্ছে। আগামীকাল (শুক্রবার) থেকে শুরু হতে যাওয়া লিগের পঞ্চম রাউন্ড থেকেই দলে ফিরছেন জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2005, 07:22 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড় নিয়ে গঠিত বিসিবি একাদশ ভারতে দুলিপ ট্রফিতে অংশ গ্রহনের পর গত রোববার দেশে ফিরে এসেছে। বিসিবি একাদশের ১৪ জন খেলোয়াড়ই জাতীয় ক্রিকেটের শুধুমাত্র প্রথম রাউন্ডে অংশ নিয়েছিল।

চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ঢাকা, রাজশাহী এবং খুলনা পঞ্চম রাউন্ডে যথাক্রমে চট্টগ্রাম, সিলেট এবং বরিশালের মুখোমুখি হবে।

আগামীকালের তিনটি ম্যাচের মধ্যে রাজশাহী অনেকটাই এগিয়ে থাকবে দুর্বল প্রতিপক্ষ বরিশালের চেয়ে। জাতীয় লিগে এখন পর্যন্ত জয় বঞ্চিত রয়ে গেছে বরিশাল।

একম্যাচ সাসপেনশনে থাকা রাজশাহীর অধিনায়ক খালেদ মাসুদ দলে ফিরছেন কালই। এছাড়াও তারা দলে পাচ্ছে বিসিবি একাদশের পেসার শাহাজাদাকে।

চট্টগ্রামে স্বাগতিক দল এবং অতিথি ঢাকার মধ্যেকার ম্যাচটি জমজমাট লড়াইয়ে পরিনত হতে পারে। ভারত ফেরত দলের মোহাম্মদ আশরাফুল, আল শাহরিয়ার রোকন, পেসার আনোয়ার হোসেন মনির এবং তালহা জুবায়েরকে নিয়ে ঢাকা যেমন শক্তিশালী দলে পরিনত হয়েছে, অন্যদিকে একইভাবে চট্টগ্রামও নাফিস ইকবাল, আফতাব আহমেদ এবং সাব্বির খানকে নিয়ে লড়াকু দলে পরিনত হচ্ছে।

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে সিলেটের বিরুদ্ধে শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে স্বাগতিক খুলনা। কিন্তু এ ম্যাচেও খুলনা ইনজুরি আক্রান্ত নিয়মিত অধিনায়ক হাবিবুল বাশারের কার্যকর সার্ভিস থেকে বঞ্চিত হবে। তবে দলে ফিরে আসা অল রাউন্ডার মাঞ্জারুল ইসলাম রানা এবং বাঁ হাতি স্পিনার আব্দুর রাজ্জাক মাঠ মাতাবেন আশা করা যায়। পেসার মাশরফিকেও দলে পাচ্ছে খুলনা।

অন্যদিকে সিলেটও তাদের তারকা ক্রিকেটারদের ফিরে পেয়ে খুলনার বিরুদ্ধে শক্ত প্রতিরাধ গড়ে তোলার অপেক্ষায়। পেসার নাজমুল হোসেন, অলোক কাপালী এবং জাতীয় ক্রিকেটে এখন পর্যন্ত কোন ম্যাচ না খেলা রাজিন সালেহ আগামীকাল দলের পক্ষে মাঠে নামবেন।