জিম্বাবুয়ে এ'র বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ২ - ২ এ সমতা এনেছে বাংলাদেশ এ দল
জিম্বাবুয়ে এ’র বিরুদ্ধে ওয়ানডে সিরিজে আবারও সমতা আনতে সক্ষম হয়েছে বাংলাদেশ এ দল। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে বুধবার চতুর্থ ওয়ানডে ম্যাচে স্বাগতিকদের বিরুদ্ধে মাত্র দুই রানে জয় পেয়েছে সফরকারী বাংলাদেশ ‘এ’ দল।
তৃতীয় ওয়ানডেতে নয় উইকেটের বিশাল পরাজয়ে সিরিজে ১ - ২ এ পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। শেষ এবং সিরিজ নির্ধারনী ম্যাচটি আগামী শনিবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
টসে হেরে, প্রথমে বাংলাদেশ ব্যাট করতে নেমে আট উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে ২৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তুলতে সমর্থ হয়। শামসুর রহমান এবং মুশফিকুর রহিমের দু’টি অর্ধ শতক অতিথিদের এই রান গড়তে সহায়তা করে।
প্রাথমিক অবস্থায় নতুন বলে স্ট্রাং এবং মাওয়েঙ্গা ৬১ রানে প্রথমসারির চারজন ব্যাটসম্যানকে ফিরিয়ে দিলে বিপর্যয়ের মধ্যে পড়ে বাংলাদেশ। কিন্তু এরপর পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম উইকেট জুটি সফলতার সাথে এই বিপর্যয় সামাল দিয়ে লড়াকু স্কোর গড়তে সক্ষম হয়।
পঞ্চম উইকেট জুটিতে ৭৪, ষষ্ঠ উইকেট জুটিতে ৫৩ এবং সপ্তম উইকেট জুটিতে ৭৩ রানের তিনটি মুল্যবান পার্টনারশীপ গড়ে উঠে। মাহমুদুল্লাহ ৩৪ এবং অধিনায়ক সানোয়ার অপরাজিত ৩৮ রান করেন।
জিম্বাবুয়ের পক্ষে মাওয়েঙ্গা ৭৪ রানে তিনটি উইকেট লাভ করেন। অন্যদিকে স্ট্রাং এবং দেবাঙ্গাওয়া দু’টি করে উইকেট দখল করেন।
জয়ের জন্য ২৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে স্বাগতিক দল ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ২৬৯ রানে নিজেদের ইনিংস শেষ করে।
বাংলাদেশের দুই পেসার সৈয়দ রাসেল এবং শাহাদত হোসেন মাত্র ১২ রানের মধ্যে ওপেনার ডাফিন এবং ওয়ান ডাউন সিবান্দাকে ফিরিয়ে দিলেও জিম্বাবুয়ের রানের চাকার গতিরোধ করতে পারেননি। তৃতীয় উউকেট জুটিতে চিবাবা এবং স্ট্রাইডম ৫৪ রানের পার্টনারশীপ গড়ে দলের প্রাথমিক বিপর্যয় সামাল দেন।
এঅবস্থায় আবারও আঘাত হানেন রাসেল। ২১ রান করে চিবাবা প্যাভিলিয়নে ফিরে যান। তবে অন্যপ্রান্তে আরভিনকে সাথে নিয়ে লড়াই চালিয়ে যান স্ট্রাইডম। স্ট্রাইডম ৫২ এবং আরভিন ৮৯ রান করেন।
জিম্বাবুয়ের টপঅর্ডাররা দলের সূচনাটা ভালোভাবে করতে পারলেও টেলএন্ডাররা সেটা পরবর্তীতে আর ধরে রাখতে পারেনি। তাদের শেষ দুই ব্যাটসম্যান অল্প সময়ের ব্যবধানে রান আউট হয়ে গেলে হার মানে জিম্বাবুয়ে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’- ৫০ ওভারে ২৭১/৮ ( শামসুর ৬৩, মুশফিকুর ৫৮, সানোয়ার অপরাজিত ৩৮, মাহমুদুল্লাহ ৩৪, সৈয়দ রাসেল ১৬, ধীমান ১৩, রাকিবুল ১০, অতিরিক্ত ৩৩, মাওয়েঙ্গা ৩/৭৫, স্ট্রাং ২/৪১, দেবাঙ্গাওয়া ২/৪৪ এবং ইউইং ১/৩৩)।
জিম্বাবুয়ে ‘এ’- ৫০ ওভারে ২৬৯/৯ ( আরভিন ৮৯, স্ট্রাইডম ৫২, দেবাঙ্গাওয়া অপরাজিত ৩৪, ইউইং ২৪, চিবাবা ২১, এনকালা ১৫, অতিরিক্ত ২১, ওয়াসেলউদ্দিন ২/৪৪, রাসেল ২/৪৪, শাহাদত ২/৮১ এবং মাহমুদুল্লাহ ১/৪৮)।
