লাহোরে জৈব প্রযুক্তি ল্যাবরেটরি বসাচ্ছে পিসিবি
পাকিস্তান ক্রিকেট বোর্ড অবৈধ বোলিং অ্যাকশন সংক্রান্ত অসুবিধা দুর করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। পিসিবি লাহোরে একটি নতুন জৈব প্রযুক্তি ল্যাবরেটরি স্থাপন করতে যাচ্ছে যেখানে বোলারদের অবিহিত বোলিং সনাক্ত করে তা সংশোধনের ব্যবস্থা করা হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
বর্তমানে পাকিস্তান চাকিং-এর অভিযোগে জর্জরিত। শোয়েব আখতারের অস্বাভাবিক বি¯তৃত কনুই ঘিরে প্রথম অভিযোগ উঠেছিল। স্পিনার শোয়েব মালিকের বোলিং অ্যাকশনও সমালোচিত, কিছু দিন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তার বোলিং অ্যাকশনের ওপর নিরীক্ষা চালায়।
এখন পিসিবি এ সমস্যার সমাধান নিজের দেশেই করার পরিকল্পনা করছে। এই ল্যাবরেটরিটি হবে বিশ্বের পঞ্চম ক্রিকেট ল্যাবরেটরি যা স্থাপন করা হবে গাদ্দাফি স্টেডিয়ামে।
পাকিস্তানের সাবেক অধিনায়ক ফজল মাহামুদকে পিসিবি অবৈধ বোলিং অ্যাকশন কমিশনের বোলিং উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে। তার সাথে রয়েছেন আরও পাঁচজন বোলিং উপদেষ্টা। এরা হলেন সাবেক টেস্ট ফাস্ট বোলার আকিব জাভেদ, দু’জন সাবেক ইন্টারন্যাশনাল স্পিনার ফারুকি জামান ও ইকবাল সেকানদার, কাইজার হায়াত, এবজন পাকিস্তানি আম্পায়ার এবং মেডিক্যাল কমিশনার ডা. সোহেল সেলিম।
স্বল্প সময়ের মধ্যে পিসিবি পরিকল্পনা করেছে জৈব প্রযুক্তির মাধ্যমে বোলারদের অ্যাকশন বিশ্লেষণের জন্য কিনটিক ৯.০৩ সফটওয়ার ইনস্টল করার। এর সাহায্যে বোলারদের বোলিং অ্যাকশন যাচাই করে দেখা হবে এবং বোলিং অ্যাকশনের উন্নতিসাধনের চেষ্টা করা হবে।
একজন অভিজ্ঞ জৈব প্রযুক্তি বিশ্লেষক ডা. পল হিউরিয়নকে আনা হচ্ছে লাহোরে, ল্যাবরেটরীতে সফটওয়ার ইনস্টল করার জন্য। এ উপলক্ষ্যে দু’দিনের একটি সেমিনারের আয়োজন করা হচ্ছে, যার উদ্দেশ্য হচ্ছে কমিটির সদস্যদের সফটওয়ার ইনস্টলমেন্ট এবং রক্ষণাবেক্ষণ সম্বন্ধে অবহিত করা।
