নতুন যুগে পর্দাপন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল
নতুন এক যুগে পা রাখতে যাচ্ছে বাংলাদেশের ফুটবল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অধিকার ফিরে পাবার পর এবার বাফুফে ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা থেকে কোচ এবং ট্রেনার আনার মধ্য দিয়ে নিজেদের খোল-নলচে বদলে ফেলছে।
“আর্জেন্টিনা থেকে বাংলাদেশ দলের জন্য কোচ আনাটা সত্যিকার অর্থেই উচ্চাভিলাষী পরিকল্পনা। কোচদের পেছনে প্রচুর খরচ হওয়া সত্ত্বেও আমরা বাংলাদেশের ফুটবলে নতুন মাত্রা আনতে চাই।” বাফুফের নির্বাহী কমিটির বৈঠক শেষে সোমবার সাংবাদিকদের কাছে এমনটাই বললেন বাফুফে সাধারন সম্পাদক আনোয়ারুল হক হেলাল।
হেলাল আরও বলেন,“ ফুটবলের উন্নয়নের জন্য আমাদের মান সম্পন্ন কোচ দরকার। এছাড়া ‘ভিশন বাংলাদেশ’ ব্যানারে আমরা পেশাদার ফুটবল প্রবর্তন করতে যাচ্ছি। মূলত এই ব্যাপারটাই আমাদের আর্জেন্টিনার কোচ আনার বিষয়ে উৎসাহিত করেছে।”
সাবেক তারকা ফুটবলার কাজী সালাউদ্দিনের নেতৃত্বে বাফুফে ব্যবস্থাপনা কমিটি যে দু’জন কোচ এবং একজন ট্রেনার বাছাই করেছে ফেডারেশনের নির্বাহী কমিটির বৈঠকে তা মনোয়ন লাভ করেছে বলে জানান হেলাল।
এরআগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিদেশী কোচদের জীবন বৃত্তান্ত আহবান করে। এশিয়া, ইউরোপ এবং ল্যাটিন আমেরিকা থেকে প্রচুর জীবন বৃত্তান্ত জমাও পড়ে বাফুফের কাছে। এরমধ্য থেকে ফেডারেশন চুড়ান্তকরনের জন্য আট কোচের জীবন বৃত্তান্ত ব্যবস্থাপনা কমিটির কাছে পাঠায়।
আটজনের মধ্য থেকে ব্যবস্থাপনা কমিটি ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানিকে অনুর্দ্ধ-২৩ দলের জন্য এবং জাতীয় দলের জন্য ভিসেন্ট্রি কায়টানো রডরিগুয়েজকে পছন্দ করে। তবে ট্রেনার এখনও বাছাই করা হয়নি।
এব্যাপারে হেলাল জানান, ট্রেনার হিসেবে বাছাইকৃত হুগো অ্যান্টোনিওর পারিবারিক সমস্যা থাকায় তাকে হয়ত পাওয়া যাবেনা। তবে সে যদি পারিবারিক সমস্যা কাটিয়ে উঠতে পারে তাহলে সেই হবে বাফুফের প্রথম পছন্দ।
হেলাল আরও জানান, দু’দিন আগে কোচদের এজেন্টদের সাথে যোগাযোগ করা হলে তারা ফেডারেশনের কাছে টার্মস এন্ড কন্ডিশনের কাগজ পত্র পাঠাতে বলেছে।
সবকিছু ঠিকঠাক থাকলে ক্রুসিয়ানির সাথে দু’বছরের চুক্তি করা হবে। তার মাসিক বেতন চার হাজার ডলার বহন করবে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। তবে বাংলাদেশে কোচের থাকা-খাওয়ার খরচ বহন করবে ফুটবল ফেডারেশন। বাফুফে খুব শিগগিরই অনুর্দ্ধ-২৩ দলের কোচের নাম এএফসির কাছে পাঠাবে।
এছাড়া কায়টানো রডরিগুয়েজ এবং ট্রেনারের থাকা-খাওয়াসহ বেতন বাবদ ফেডারেশনকে মাসে দশ হাজার ডলার ব্যায় করতে হবে। কোচ এবং ট্রেনার উভয়ের সাথে বাফুফে দুই বছরের চুক্তি করবে।
ফেডারেশন সাধারন সম্পাদক হেলাল বলেন,“ জাতীয় দলের কোচ এবং ট্রেনারের স্পনসরের ব্যাপারে আমরা বেশকিছু কোম্পনির সাথে ইতিমধ্যে আলোচনা করেছি। কয়েকটি কোম্পানী আমাদের সাথে একমত হয়েছে।”
