২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়

সৈয়দ রাসেলের অল রাউন্ড নৈপুন্যে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে ৩৪ রানে জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ এ সমতায় ফিরে এলো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2005, 08:21 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ২০২ রানে অল আউট হয়ে যায়। তবে ৫৩ রানে পাঁচ উইকেট হারিয়ে প্রাথমিক বিপর্যয়ে পড়েছিল সফরকারীরা।

চার নম্বরে নেমে শামসুর রহমান দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। তবে দলীয় ১০৭ রানের মাথায় তিনিও আউট হয়ে যান।

এরপর দুই পেসার সৈয়দ রাসেল এবং শাহাদত হোসেন রাজিব নবম উইকেট জুটিতে মুল্যবান ৬২ রান যোগ করেন। রাসেল ৪১ রান করেন। রাজিব ২৫ রান করে ইনিংসের শেষ বলে রান আউট হয়ে যান।

জবাবে জিম্বাবুয়ে ‘এ’ বাংলাদেশের বোলারদের সুনিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে ৬৫ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে। মাত্র ১৬৮ রানেই স্বাগতিকদের ইনিংস গুটিয়ে যায়। দলের পক্ষে স্ট্রাইডম সর্বোচ্চ ৩৭ রান করেন। এছাড়া গ্যাভিন ইউইং ২৬ এবং টেরি ডাফিন ২২ রান করেন।

সৈয়দ রাসেল, শাহাদত হোসেন রাজিব এবং ওয়াসেলউদ্দিন দু’টি করে উইকেট দখল করেন।