২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১০ মার্চ থেকে শুরু হচ্ছে জাতীয় এ্যাথলেটিকস

এ্যাথলেটিকসের জনপ্রিয়তা সারা দেশে ছড়িয়ে দেয়ার লক্ষ্য নিয়ে বন্দরনগরী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ১০ মার্চ থেকে শুরু হচ্ছে ৩০তম জাতীয় এ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2005, 06:12 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের (বিএএফ) সাধারন সম্পাদক শাহ আলম বিডিনিউজকে জানান,“ ঢাকা হচ্ছে এ্যাথলেটিকসের প্রানকেন্দ্র। এখন আমরা একে রাজধানীর বাইরে নিয়ে যেতে চাইছি। চট্টগ্রামের আগ্রহের কারনেই সেখানে এবার এই চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।”

বিএএফ সাধারন সম্পাদক আরও বলেন,“ নিয়ন্ত্রণ লাভের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের এ্যাখলেটিকস ট্র্যাক উঠিয়ে ক্রিকেট মাঠ তৈরীর কাজ করায় সেখানে এবারের চ্যাম্পিয়নশীপ আয়োজন করা সম্ভব হচ্ছেনা।”

এক্ষেত্রে বনানীর আর্মি স্টেডিয়াম কেন ব্যবহার করা হচ্ছে না এমন প্রশ্নের জবাবে শাহ আলম বলেন,“ চেষ্টা করলে হয়ত আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতা আয়োজন করা যেত, তবে প্রতিযোগিতার ব্যয়ে চট্টগ্রাম অংশ নিচ্ছে বলে আমরা তাদের  স্বাগতিক হওয়ার প্রস্তাব গ্রহণ করেছি।”

চতুর্থবারের মত এবার ঢাকার বাইরে জাতীয় এ্যাথলেটিকসের আয়োজন করা হচ্ছে। এর আগে যশোরে ১৯৭৩, ময়মনসিংহে ১৯৭৭ এবং ১৯৮৫ সালে চট্টগ্রামে এই জাতীয় প্রতিযোগিতার আসর বসেছিল।

তবে এম এ আজিজ স্টেডিয়ামের ঘাসের ট্র্যাকে নতুন রেকর্ড কম হতে পারে বলে মনে করেন বিএএফ সাধারন সম্পাদক শাহ আলম।

ফেডারেশন আশা করছে তিনদিনব্যাপী এবারের চ্যাম্পিয়নশীপে  প্রায় ৪০০ প্রতিযোগী ২২ টি ইভেন্টে অংশগ্রহণ করবে।