প্রথম বিভাগ হকিতে ফরাশগঞ্জের পঞ্চম জয়
গ্রীন ডেল্টা প্রথম বিভাগ হকি লিগে শুক্রবার পঞ্চম জয় পেয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দলটি শিশু কিশোর সংঘকে ২-১ গোলে পরাজিত করে তাদের প্রথম রাউন্ড শেষ করে।
ফরাশগঞ্জ আট খেলায় ২০ পয়েন্ট এবং শিশু কিশোর সংঘ সমসংখ্যক খেলায় ৯ পয়েন্ট অর্জন করেছে। এরআগে ফরাশগঞ্জ, বাংলাদেশ স্পোর্টিং ক্লাব এবং ওয়ান্ডার্রাস ক্লাব সুপার ফোরে খেলা নিশ্চিত করে।
মুক্তিযোদ্ধা সংসদ ১৩ এবং ব্যাচেলর ক্লাব ১২ পয়েন্ট নিয়ে শনিবার মুখোমুখি হবে। এই ম্যাচের বিজয়ী চতুর্থ দল হিসেবে সুপার ফোরে খেলবে।
দিনের একমাত্র খেলায় ফরাশগঞ্জ প্রথমার্ধে এক গোলে এগিয়ে ছিল। ১৪ মিনিটে সাব্বির ফিল্ড গোলের মাধ্যমে দলকে এগিয়ে দেন। বিরতির পর ৪৭ মিনিটে ফয়সালের গোলে আবার এগিয়ে যায় ফরাশগঞ্জ। শিশু কিশোরের মনিরুজ্জামান একটি গোল পরিশোধ করেন।
