রুমি স্মৃতি টেবিল টেনিস রোববার শুরু
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের উদ্যোগে এবং সাবেক জাতীয় মহিলা চ্যাম্পিয়ন জুলেখা রহমান জুলির পৃষ্ঠপোষকতায় রোববার থেকে শুরু হচ্ছে রুমি স্মৃতি টেবিল টেনিস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের উডেন ফ্লোর জিমনেশিয়ামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
পনেরটি ক্লাব, এগারোটি জেলা, একটি সেবা প্রতিষ্ঠান ও একটি বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫৫ জন খেলোয়াড় টুর্নামেন্টের আটটি বিভাগে লড়াই করবেন। বিভাগগুলো হচ্ছে- পুরুষ, মহিলা, বালক, বালিকা একক, পুরুষ একক, মহিলা একক, অবাছাই একক এবং অবাছাই মহিলা একক।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ ফজলুর রহমান টুর্নামেন্ট উদ্বোধন করবেন। এছাড়া নাভানা লিমিটেডের চেয়ারম্যান শফিউল ইসলাম কামাল, মরহুম সাংবাদিক মাসুদ আহমেদ রুমির মা নাসিমা আহমেদ, টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি আবু সোলায়মান চৌধুরী এবং সাধারন সম্পাদক রফিকুল ইসলাম টিপু উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
