তৃতীয় ওয়ান ডে'তে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতল দ. আফ্রিকা
পোর্ট এলিজাবেথে তৃতীয় ওয়ান ডে ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচ উইকেটে জয় লাভ করে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল । খবর বিভিন্ন বার্তা সংস্থার।
সাবেক অধিনায়ক হিথ ষ্ট্রিক এক বছর পর খেলায় ফিরে এসেও জিম্বাবুয়েকে জয় এনে দিতে পারেননি। জিম্বাবুয়ে ৫০ ওভারে আট উইকেটে করেছে ২০৬ রান, যার মধ্যে হিথ ষ্ট্রিক করেছেন ৬৮ রান।
ষ্ট্রিক গত সপ্তাহে সকল বিরোধ মিটিয়ে দলে যোগ দান করেন। জিম্বাবুয়ান নির্বাচকদের বিরুদ্ধে জাতিগত বৈষম্যের অভিযোগ তোলার কারণে ষ্ট্রিককে অধিনায়কের পদ থেকে অপসারন করা হয় এবং আরও কয়েকজন সাদা খেলোয়াড়কে দল থেকে বাদ দেয়া হয়।
দক্ষিণ আফ্রিকা ৪৬ দশমিক ৩ ওভারে পাঁচ উইকেটে ২০৭ রান করে। জাস্টিন কেম্ট ৭৮ রান করে অপরাজিত থাকেন এবং ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
