রাজনীতি থেকে ক্রিকেটকে দূরে রাখা উচিত: কুরেশি
পাকিস্তানের বিখ্যাত ক্রিকেট সাংবাদিক এবং বিশ্লেষক ওমর কুরেশি বলেছেন, ক্রিকেট থেকে রাজনীতিকে পুরোপুরি দূরে রাখা উচিত। প্রত্যেকেই আশা করে রাজনীতিবিদরা তাদের রজনীতিকে ক্রিকেট থেকে দূরে রাখবেন এবং ক্রিকেটকে তার স্বাভাবিক গতিতে চলতে দেবেন।
আসন্ন পাক-ভারত ক্রিকেট যুদ্ধ শুরুর প্রাক্কালে বুধবার ডন পত্রিকায় এক লেখায় পাকিস্তানের এ সাংবাদিক এ কথা বলেন।
কোনও জাতীয়তাবাদী সহিংসতায় ক্রিকেটকে না জড়িয়ে শুধুই খেলা হিসেবেই ক্রিকেটকে দেখতে হবে। ক্রিকেটকে তার আপন গতিতে চলতে দেয়ার জন্য রাজনীতিবিদদের প্রতি আহবান জানিয়েছেন ওমর কুরেশি।
তিনি বলেন, সাধারন জনগনের প্রত্যেকেই আশা করেন, ক্রিকেট থেকে রাজনীতিবিদরা যেন দূরে থাকেন। তিনি বলেন, শিবসেনারা মুম্বাইতে পাক-ভারত ক্রিকেট অনুষ্ঠিত হতে দেবে না বলে হুমকি দিল আর তা’তেই খেলা বন্ধ হয়ে গেল- এটা অত্যন্ত দুঃখজনক। এর ফলে মুম্বাইয়ের ক্রিকেটপ্রেমীরা ক্রিকেট খেলা থেকে বঞ্চিত হল। তিনি বলেন, ক্ষতি যা হওয়ার তা ক্রিকেটেরই হল।
তিনি বলেন, ভারত অবশ্যই একটি ভাল দল এবং হোম গ্রাউন্ডেই খেলা হওয়ায় স্বাগতিকরা অতিরিক্ত সুবিধা পাবে। ভারতীয় দলে শচীন ফিরে এসেছে আর উল্টো দিকে পাকিস্তান দলে শোয়েব খেলছে না। এর মধ্যে কোনও সম্পর্ক আছে কিনা তা আমরা কখনোই জানতে পারব না।
কুরেশি বলেন, যদিও শচীন অনেকদিন খেলার বাইরে আছেন কিন্তু নিজ দেশের মাটিতে তিনি যে ভাল করবেন তাতে কোনও সন্দেহ নেই। আর শচীন ভাল করেই জানেন তার ভক্তদের কিভাবে সন্তুষ্ট করতে হবে। শচীনের এই ফিরে আসা ভারতের জন্য একটা বিরাট শক্তি আর অন্যদিকে পাকিস্তানের জন্য বেদনার কথা হল শোয়েব নেই।
তিনি বলেন, ক্রিকেটারদের উৎসাহ দিতে পারে এমন অনেকেই প্রতিটি দলে রয়েছে কিন্তু পাকিস্তান যখন খেলার জন্য ভারতে পৌঁছে গেছে তখন আর দলের সাথে এদের থাকার দরকার নেই। ক্রিকেটারদের এখন খেলার দিকেই পুরোপুরি মনোনিবেশ কার উচিত।
তিনি বলেন, পাক দল যখন দিল্লিতে পৌঁছাল তখন রানা নাভিদুল হাসান তার কন্যা শিশুকে কোলে নিয়ে নামলেন । আমি খুবই অবাক হয়েছি যে খেলোয়াড়দের তাদের পরিবারকে সাথে রাখার অনুমতি দেয়া হয়েছে।
কুরেশি বলেন, আমি বুঝি না লোকজন তাদের কাজের স্থানে কি করে পরিবারকে সাথে নিয়ে যায়। ক্রিকেট একটি দলীয় খেলা এবং এখানে পুরো সময়টাই একজন খেলোয়াড়ের উচিত তার দলের জন্য ব্যয় করা। তার সময়টা ভাগ হয়ে গেলে তার মনোনিবেশও নস্ট হয়ে যায়।
পাকিস্তান দলে একজন বোলার কোচ নেয়া উচিত এবং তিনি হচ্ছেন ওয়াকার, কয়েকটি পত্রিকার এ ধরনের খবরের ব্যাপারে কুরেশি বলেন, ক্রিকেট একটি খেলা এটি কোনও ঘুড়ি ওড়ানোর ব্যাপার নয়।
তিনি বলেন, আমার মনে হয় পাকিস্তান দলে কোনও বোলার কোচের প্রয়োজন নেই, বরং আমার মনে হয় একজন ব্যাটিং কোচ দরকার।
