সিরাজীর গোলে জাতীয় ফুটবলের সেমিতে ব্রাদার্স
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ইবনুল সিরাজীর করা একমাত্র গোলে নিটল টাটা পঞ্চম জাতীয় ফুটবল লিগের সেমিফাইনালে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার সুপার লিগে দশ জনের মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মাত্র এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে চ্যাম্পিয়নরা।
এই জয়ে ব্রাদার্স ইউনিয়ন চার বোনাস পয়েন্টসহ আট পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে অবস্থান করছে। আরেক সেমিফাইনালিষ্ট আবাহনী লিমিটেড সাত পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। দু’দল শনিবার সুপার লিগে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে।
অন্যদিকে তিনটি বোনাস পয়েন্টসহ পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা মুক্তিযোদ্ধা সংসদ সেমিফাইনাল নিশ্চিত করতে মঙ্গলবার লড়বে সেনাবাহিনীর বিরুদ্ধে।
দেশের দুই প্রতিষ্ঠিত ফুটবল শক্তির হয়ে প্রথমবারের মত জাতীয় দলের ফুটবলাররা মাঠে নামলেও গ্যালারীতে উপস্থিত গুটিকয়েক দর্শকের মনোযোগ আকর্ষণ করতে সমর্থ হয়নি বিগ ম্যাচটি।
তাছাড়া খেলার ১৯ মিনিটে স্ট্রাইকার আর্নেষ্ট জেরিমিয়াহ লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে রক্ষনাত্মক অবস্থানে চলে যায় দশ জনের দলে পরিন ত হওয়া মুক্তিযোদ্ধা। ঘুরেফিরে খেলাও মাঝমাঠে সীমাবদ্ধ হয়ে পড়ে।
খেলা চলাকালীন ব্রাদার্সের ডিফেন্ডার সুজনকে কাঞ্চন অবৈধভাবে বাধা দিলে রেফারী ফাউলের বাঁশি বাজান, কিন্তু সে সময় জেরিমিয়াহ ইচ্ছেকৃত ভাবে ব্রাদার্সের মাঝমাঠের খেলোয়াড় শুভ্রকে বুট দিয়ে আঘাত করলে রেফারী জেরিমিয়াহকে লাল কার্ড দেখান।
জিসলানের পরিবর্তে মাঠে নামার তিনি পরই দলকে গোল এনে দেন সিরাজি। স্ট্রাইকার এমিলির কাছ থেকে বল পেয়ে সিরাজি মুক্তির লেফট স্টপার আজমলকে কাটিয়ে দেশসেরা গোলরক্ষক আমিনুলকে বোকা বানিয়ে বল জালে ঠেলে দেন।
বিরতির পর মুক্তিযোদ্ধা দশজন নিয়েও মরিয়া হয়ে আক্রমন চালায় ব্রাদার্স সীমানায়। বিপরীতি ডিফেন্সলাইন আরও দুর্ভেদ্য করে তোলে গোপীবাগের দলটি। একের পর এক আক্রমন চালিয়েও সমতা ফেরাতে পারেনি মুক্তিযোদ্ধা।
৭০ মিনিটে মুক্তির স্ট্রাইকার ওদাফার একটি হেড কর্নারের বিনিময়ে রক্ষা করেন ব্রাদার্স গোলরক্ষক মোহাম্মদ আলী। সাত মিনিট পর পাল্টা একটি আক্রমন থেকে দলকে রক্ষা করেন মুক্তির গোলরক্ষক আমিনুল। লিটনের তীব্র শটটি কর্নারের বিনিময়ে রক্ষা করেন আমিনুল।
এরপর মুক্তিযোদ্ধা আরও দুই বার গোল করার সুযোগ পেয়েছিল। ৮৪ মিনিটে কাঞ্চনের হেড অল্পের জন্য ব্রাদার্সের গোলবার উঁচিয়ে মাঠের বাইরে চলে যায়, এক মিনিট পর ওদাফার কামানের গোলার মত শটটি ব্রাদার্স গোলরক্ষক আলী কোনমতে কর্নারের বিনিময়ে বাঁচিয়ে দেন।
