২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কষ্টার্জিত জয়ে সেমিফাইনালে আবাহনী

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত নিটোল-টাটা পঞ্চম জাতীয় ফুটবল লীগের সুপার লীগ পর্বের বুধবারের খেলায় আবাহনী ১০ জন নিয়ে খেলেও বাংলাদেশ সেনাবাহিনীকে এক শূন্য গোলে হারিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 08:25 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

বিজয়ী দল আবাহনীর পক্ষে প্রদীপ খেলার ৮৪ মিনিটের সময় পেনাল্টি থেকে দলের পক্ষে ও ম্যাচের একমাত্র গোলটি করেন।

এই জয়ের ফলে আবাহনী লিমিটেড চার বোনাস পয়েন্টসহ সাত পয়েন্ট নিয়ে সেমিফাইনালে তাদের স্থান প্রায় নিশ্চিত করে ফেলেছে। ব্রাদার্স ইউনিয়ন ও মুক্তিযোদ্ধা সংসদ প্রত্যেকে পাঁচ পয়েন্ট নিয়ে আবাহনীর পরেই অবস্থান করছে।

বাংলাদেশ সেনাবাহিনীর সংগ্রহ তিন পয়েন্ট।

বুধবারের খেলায় বল দখলের লড়াইয়ে আকাশী রংয়ের জার্সিধারীরা এগিয়ে থাকলে কাঙ্খিত গোল পেতে তাদেরকে খেলার প্রায় শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। আর শেষ পর্যন্ত গোল এসেছে পেনাল্টি থেকে।

আবাহনীর ফরোয়ার্ড টিপুর একটি গোলমুখী শট সেনাবাহিনীর ডিফেন্ডার আনোয়ারের হাতে লাগলে রেফারি রাম কৃষ্ণ ঘোষ আবাহনীর পক্ষে পেনাল্টির বাঁশি বাজাতে একটুও সঙ্কোচ বোধ করেননি।

খেলা শেষ মাত্র ছয় মিনিট আগে আবাহনীর ডিফেন্ডার প্রদীপ পেনাল্টি থেকে দলকে গোল এনে দেন।

বুধবারের খেলায় সেনাবাহিনী ড্রয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামায় ধানমন্ডির ক্লাবটির পক্ষে গোল করা কঠিন হয়ে পড়েছিল। সেনাবাহিনীর ডিফেন্ডাররা আবাহনীর একের পর এক আক্রমণ ভণ্ডুল করে দেয়।

উপরন্তু শেষ বিশ মিনিটে আবাহনী লিমিটেডের ১১জনের দল ১০ জনে পরিণত হয়। সেনাবাহিনীর ডিফেন্ডার আনোয়ারকে বল ছাড়া ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়ায় রেফারি ঘানার স্ট্রাইকার আউদু ইব্রাহিমকে সরাসরি লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।

অবশ্য খেলার শুরুর দিকেই আব্দুল্লাহ পারভেজ আবাহনীকে এগিয়ে দিতে পারতেন। কিন্তু এই প্রতিশ্র“তিশীল লেফটউইংগার সেনাবাহিনীর গোলবারের উপর দিয়ে বল মাঠের বাইরে পাঠিয়ে দেন।

আর টিপুর একটি জোরালো শট সেনাবাহিনীর গোলরক্ষক ও অধিনায়ক মনিরুল দক্ষতার সাথে ফিরিয়ে দেন।

সেনাবাহিনীর স্ট্রাইকাররা খেলার ২৭ মিনিটের মাথায় গোলের একটি সুযোগ সৃষ্টি করেছিলেন। কিন্তু আবাহনীর গোলরক্ষক নিজাম কর্নারের বিনিময়ে আতিকের কোনাকুনি শট প্রতিহত করেন।

খেলার ৪৫ মিনিটের মাথায় ইব্রাহিমের বামপায়ের একটি শট সেনাবাহিনীর বার ছুঁয়ে যায়।

জাতীয় দলের ক্যাম্প থেকে ছাড় পাওয়ার পর চলতি জাতীয় লীগে প্রথম বারের মত খেলতে নামা জাতীয় দলের স্ট্রাইকার টিপু খেলার অতিরিক্ত সময়ে গোলের সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেন। এনডেমের কাছ থেকে প্রতিপক্ষ দলের ছোট বক্সের মধ্যে বল পেয়েও তিনি গোল করতে পারেননি। বারের অনেক দূর দিয়ে তার শট মাঠের বাইরে চলে যায়।

বিরতির পর আবাহনীর দীর্ঘদিনের কোচ আক্রমণ বৃদ্ধি করার জন্য মাঝমাঠে পরিবর্তন আনেন। তিনি স্ট্রাইকার ফরহাদ ও মধ্যমাঠের খেলোয়াড় উজ্জ্বলকে মাঠে নামিয়ে দেন।

খেলার ৭৭ মিনিটের মাথায় সেনাবাহিনীর গোলরক্ষক মনিরুলকে একা পেয়েও ফরহাদ গোল করতে ব্যর্থ হন। এর মিনিট পাঁচেক পরেই ইঘিরের একটি হেড মনিরুল দক্ষতার সাথে ধরে ফেলেন।