জেএফএ কাপ ফুটবলের চুড়ান্ত পর্বে সাতক্ষীরা, গাইবান্ধা, বাগেরহাট, ঢাকা, রাঙ্গামাটি
জেএফএ কাপ অনুর্ধ্ব ১৬ ফুটবল টুর্নামেন্টে মঙ্গলবার বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত আঞ্চলিক ফাইনালে নিজ নিজ ম্যাচে জয় নিয়ে চুড়ান্ত পর্বে উঠে গেছে সাতক্ষীরা, গাইবান্ধা, বাগেরহাট, ঢাকা এবং রাঙ্গামাটি।
টাঙ্গাইল স্টেডিয়ামে স্বাগতিক দল এবং গাজীপুরের মধ্যকার অপর ফাইনালটি অনুষ্ঠিত হয়নি। ম্যাচটি বুধবার অনুষ্ঠিত হবে।
সাতক্ষীরা স্টেডিয়ামে স্বাগতিক দল ৬--২ গোলে ঝিনাইদহকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের শাহাবুদ্দিন হ্যাটট্রিক, মুরাদ দু’টি এবং মেহেদী অপর গোলটি করেন। ঝিনাইদহের পক্ষে একটি গোল পরিশোধ করেন আসাদুজ্জামান।
গাইবান্ধা স্টেডিয়ামে ঠাকুরগাঁওকে ৩--০ গোলে হারিয়েছে গাইবান্ধা। গাইবান্ধার পক্ষে হ্যাটট্রিক করেন কবির।
বাগেরহাট স্টেডিয়ামে স্বাগতিক দল টাইব্রেকারে ৪--১ গোলে খুলানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ে খেলা ১--১ গোলে অমীমাংসিত ছিল।
মানিকগঞ্জ স্টেডিয়ামে ঢাকা একমাত্র গোলে হারায় মানিকগঞ্জকে। বিজয়ী দলের রিমন একমাত্র গোলটি করেন।
রাঙ্গামাটি স্টেডিয়ামে চট্টগ্রামের বিরুদ্ধে স্বাগতিক দল টাইব্রেকারে ৫--৩ গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ে খেলাটি গোলশুন্যভাবে শেষ হয়।
কুড়িগ্রাম এবং বিকেএসপির মধ্যকার আঞ্চলিক ফাইনালটি বুধবার অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের চাঁদপুর জোনের খেলা শনিবার থেকে চাঁদপুর স্টেডিয়ামে শুরু হবে। এই জোনে অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে- চাঁদপুর, ভোলা, বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ এবং সিলেট।
