জাতীয় ফুটবলের সুপার লিগে মুক্তিযোদ্ধার উড়ন্ত সূচনা
নিটল--টাটা পঞ্চম জাতীয় ফুটবল লিগের সুপার লিগে দুরন্ত সূচনা করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা ৫--২ গোলে বিধ্বস্ত করেছে মুন্সীগঞ্জ সমাবেশ ক্লাবকে।
মুক্তিযোদ্ধার পক্ষে নাইজেরিয়ার স্ট্রাইকার আর্নেষ্ট জেরিমিয়াহ দু’টি, ডিফেন্ডার দ্বীন মোহাম্মদ, নাইজেরিয়ান মিডফিল্ডার ওদাফা এবং মরোক্কান প্লেমেকার রশিদি একটি করে গোল করেন। সমাবেশ ক্লাবের পক্ষে দু’টি গোল পরিশোধ করেন জাহাঙ্গীর।
এই জয়ের ফলে মুক্তিযোদ্ধা দু’টি বোনাসসহ পাঁচ পয়েন্ট নিয়ে যৌথভাবে ব্রাদার্সের সাথে শীর্ষে উঠে গেল।
পুরো নব্বই মিনিট ম্যাচে মুক্তিযোদ্ধার নিয়ন্ত্রন থাকলেও নবাগত সমাবেশ ক্লাব বেশ কয়েকবার মুক্তির সীমানায় ফাটল ধরাতে সক্ষম হয় এবং দু’টি পেনাল্টিও আদায় করে নেয়।
২৩ মিনিটে দ্বীন মোহাম্মদের গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। ডান প্রান্ত থেকে সাইফুল ইসলামের ফ্রি কিক থেকে পাওয়া বলে মাথা ছুঁয়ে গোল করেন মোহাম্মদ। জেরিমিয়াহ’র কাছ থেকে বল পেয়ে চমৎকার প্লেসিং শটে দ্বিতীয় গোলটি করেন ওদাফা।
খেলার মাঝবিরতির ঠিক আগ মুহূর্তে পেনাল্টি থেকে একটি গোল পরিশোধ করে সমাবেশ ক্লাব। মুক্তির রাইট স্টপার এনামুল সমাবেশ ক্লাবের মনিরকে পেছন থেকে অবৈধভাবে বাধা দিলে রেফারী পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করেন জাহাঙ্গীর।
বিরতির পর নাইজেরিয়ার স্ট্রাইকার জেরিমিয়াহ মুক্তির পক্ষে তৃতীয় গোল করেন। রশিদির বাঁ পায়ের শট সমাবেশ ক্লাবের গোলরক্ষক উজ্জ্বল ফিরিয়ে দিলেও ফিরতি বল জালে ঠেলতে ভুল করেননি জেরিমিয়াহ।
চার মিনিট পর আরেকটি পেনাল্টি আদায় করে নেয় সমাবেশ ক্লাব। সোহাগকে বিপদসীমার মধ্যে মুক্তিযোদ্ধার দ্বীন মোহাম্মদ ফাউল করলে পেনাল্টি লাভ করে মুন্সীগঞ্জের দলটি। আবারও পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমিয়ে আনেন জাহাঙ্গীর।
৭৬ মিনিটে মরোক্কান রশিদি মুক্তিযোদ্ধার চতুর্থ গোলটি করেন। ৯০ মিনিটে সমাবেশ ক্লাবের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জেরিমিয়াহ।
