ক্যারি পেকারের প্রতি অস্ট্রেলিয়া ক্রিকেটের শ্রদ্ধা নিবেদন
বর্তমানের দিবা-রাত্রির ক্রিকেটে আধুনিকতার জন্মদাতা প্রয়াত বিখ্যাত মিডিয়া টাইকুন ক্যারি পেকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট কমিউনিটি।
অস্ট্রেলিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি পেকার ৬৮ বছর বয়সে সোমবার তার সিডনির বাসভবনে মারা যান। পেকারের মালিকানাধীন চ্যানেল নাইনে তার মৃত্যুর খবর প্রচারিত হয়।
পেকার ১৯৭০ সালে বিশ্ব ক্রিকেটাঙ্গনে আর্বিভূত হন এবং দিবারাত্রির ক্রিকেটকে জনপ্রিয় করে তোলেন বেশ দ্রুততার সাথে। তার টেলিভিশন চ্যানেলে ওয়ানডে ম্যাচ সম্প্রচারের দায়িত্ব নেন তিনি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ক্রেইগ ও’কনর পেকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বলেন, অস্ট্রেলিয়ার ক্রিকেটকে নতুন আদলে গড়ে তুলতে ডন ব্রাডম্যানের পরই পেকারের অবস্থান।
এক বিবৃতিতে ও’কনর বলেন, তার (পেকার) প্রভাবেই ক্রিকেট এখন অস্ট্রেলিয়ার মানুষের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। তিনি বলেন, পেকারের জন্যই ওয়ানডে ম্যাচ বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছে।
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক রিকি পন্টিং অস্ট্রেলিয়ার ক্রিকেটে ক্যারি পেকারের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন। পন্টিংয়ের মতে অস্ট্রেলিয়ার ক্রিকেটে পেকার তার ছাপ রেখে গেছেন।
পন্টিং বলেন, অস্ট্রেলিয়ার ক্রিকেটের সবসময়ের এক শুভাকাঙ্খি ছিলেন পেকার। পুরো অস্ট্রেলিয়া ক্রিকেটের জন্যে আজকের দিনটি খুবই বেদনাদায়ক একটি দিন।
ক্যারি পেকারের সাথে ঘনিষ্ঠতার কথা স্মরণ করে অসি লেগ স্পিনার শেন ওয়ার্ন বলেন, গত ১৩ বছর ধরে পেকার আমার খুবই ভালো এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
আইসিসির প্রেসিডেন্ট এহসান মানি এক বিবৃতিতে জানান, ক্রিকেটের আদল বদলে দিয়েছেন ক্যারি পেকার।
পেকারের প্রতি শ্রদ্ধা নিবেদনকারীদের মধ্যে আরও রয়েছেন- চ্যানেল নাইনের ভাষ্যকার রিচি বেনো, টনি গ্রেগ, ইয়ান চ্যাপেল এবং বিল লরি।
