২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসির শতরানের সুবাদে অস্ট্রেলিয়ার সম্মানজনক সংগ্রহ, দক্ষিণ আফ্রিকার সতর্ক সূচনা

মাইক হাসির সময়োপযোগী সেঞ্চুরির সুবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি ক্রিকেট সিরিজের মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিক অস্ট্রেলিয়া ৩৫৫ রান সংগ্রহ করতে সমর্থ হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2005, 02:06 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিন শেষে তাদের প্রথম ইনিংসে দুই উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করেছে।

গ্রায়েম স্মিথ (২২) ও এবি ডি ভিলিয়ার্স (৬১) যথাক্রমে ব্রেট লি ও গ্লেন ম্যাকগ্রার বলে লেগ বিফোর উইকেট হয়েছেন।

হার্শেল গিবস ৫৪ ও জ্যাক ক্যালিস ১৭ রান নিয়ে ব্যাট করছেন।

এর আগে আগের দিনের আট উইকেটে ২৩৯ রান নিয়ে মঙ্গলবার খেলতে নেমে অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ৩৫৫ রান সংগ্রহ করে।

ব্যক্তিগত ২৭ রানের সময় ক্যালিসের হাতে জীবন পাওয়া হাসি চারটি ছয় ও ১৪টি চারের মারের সহায়তায় ২০৩ বল মোকাবিলায় ১২২ রান করেন।

এটি হাসির পাঁচ টেস্টের নয়টি ইনিংসে তৃতীয় শতরান।

দিনের তৃতীয় ওভারে আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান স্টুয়ার্ট ম্যাকগিল আউট হয়ে গেলেও গ্লেন ম্যাকগ্রাকে সঙ্গে নিয়ে বামহাতি ব্যাটসম্যান হাসি দশম উইকেট জুটিতে ১০৭ রান সংগ্রহ করেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দশম উইকেট জুটিতে এটিই সর্বোচ্চ সংগ্রহ। আগের রেকর্ডটি ছিল ৮২ রানের।

মাখায়া এনটিনির বলে হাসি বোল্ড আউট হয়ে গেলে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ৩৫৫ রানেই সমাপ্ত ঘটে।

প্রায় দুই ঘন্টা ক্রিজে টিকে থেকে গ্লেন ম্যাকগ্রা ৫৬ বলে খেলে ১১ রান করে অপরাজিত থাকেন।

অস্ট্রেলিয়ার ইনিংসের আন্দ্রে নেল চারটি এবং এনটিনি ও শন পোলক প্রত্যেকে তিনটি করে উইকেট লাভ করেন।

ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা সতর্কতার সাথে ইনিংস সূচনা করে। ভিলিয়ার্স ১৪১টি বল মোকাবিলা করে নয়টি চারের সহায়তায় ৬১ রান করেন।

অধিনায়ক গ্রায়েম স্মিথ ২২ রান করেন ৪২ বলের মোকাবিলায়।

গিবস ৫৪ রান করতে ইতোমধ্যে ১২৪টি বল খেলে ফেলেছেন। এটি তার ১৯তম টেস্ট অর্ধশতক।

মঙ্গলবার দিনের খেলা শুরুর আগে সোমবার মারা যাওয়া ক্যারি প্যাকারের সম্মানে মেলবোর্নের মাঠে এক মিনিট নিরবতা পালন করা হয়।

১৯৭৭ সালে ওয়ার্ল্ড ক্রিকেট সিরিজ প্রতিষ্ঠার পর বিশ্বে প্যাকারের নাম ছড়িয়ে পড়ে। তখন তিনি ওয়ার্ল্ড সিরিজের ব্যানারে পৃথিবীর সেরা সেরা ক্রিকেট খেলোয়াড়দের মাঠে নামিয়ে হইচই ফেলে দিয়েছিলেন।

তাকে অস্ট্রেলিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি বলে মনে করা হত।