পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ ফুটবলের বাছাই পর্বে বাংলাদেশ
করাচির পিপলস স্পোর্টস কমপ্লেক্সে সোমবার এশিয়া কাপ প্রাক বাছাই পর্বের ফিরতি ম্যাচে পাকিস্তানকে ১-০ গোলে হারিয়ে এশিয়া কাপের বাছাই পর্বে উঠে গেছে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে ফিরোজ মাহমুদ টিটুর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রুসিয়ানির দল। প্রথমার্ধ গোলশুন্যভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধের ৩৭ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন টিটু।
বাংলাদেশ দলের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, পুরো ম্যাচেই কর্তৃত্ব করে খেললেও এক গোলেই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে।
এর আগে গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ হোম ম্যাচে গোলশুন্য ড্র করে।
এ জয়ের ফলে বাংলাদেশ এশিয়া কাপের পট ডি- তে অর্ন্তভুক্ত হলো। ৪ জানুয়ারি ডি পটের ড্র অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ: আমিনুল, টিটু, হাসান আল মামুন, রজনী, সুজন, জয়, আবুল, উজ্জ্বল, আলফাজ, এমিলি, মতিউর মুন্না।
