জাতীয় ফুটবলের সুপার লিগের প্রথম ম্যাচে মোহামেডান--ব্রাদার্স পয়েন্ট ভাগাভাগি
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার নিটল টাটা পঞ্চম জাতীয় ফুটবলের সুপার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়নের মধ্যেকার প্রথম বড় ম্যাচে জেতেনি কেউ, কোন গোলও হয়নি ম্যাচে। অর্থাৎ গুরুত্বপূর্ন ম্যাচটি গোলশুন্য ড্র হয়েছে।
ড্রয়ের ফলে বর্তমান চ্যাম্পিয়নদের ভাণ্ডারে প্রথম রাউন্ডের বোনাস চার পয়েন্টসহ মোট পাঁচ পয়েন্ট জমা পড়লো। অন্যদিকে একটি বোনাসসহ মোহামেডানের পয়েন্ট দুই।
পুরো ম্যাচে মোহামেডান অধিপত্য বিস্তার করে খেলে বেশ কয়েকটি গোলের সুবর্ণ সযোগ তৈরি করতে সক্ষম হলেও স্ট্রাইকারদের অমার্জনীয় ব্যর্থতায় সুযোগগুলোকে গোলে পরিণত করা সম্ভব হয়নি।
এদিন ভাগ্যও সহায়তা করেনি জনপ্রিয় সাদাকালো শিবিরকে। ভাগ্যদেবী সহায় থাকলে পিটার ওদাফের একটি শট ব্রাদার্সের গোলপোস্টে লেগে মাঠে ফেরত আসত না, আর মোহামেডানও পেতো কাংখিত গোলের দেখা।
ম্যাচের শুরু থেকেই মাঝমাঠের নিয়ন্ত্রণ চলে আসে মোহামেডানের দখলে। ব্রাদার্স সীমানায় একের পর এক আক্রমনও চালিয়েছে তারা। কিন্তু তাদের বিদেশী ফুটবলাররা গোল মিসের মহড়ায় মেতে ওঠার পাশাপাশি ব্রাদার্সের গোলরক্ষক মোহাম্মদ আলীও যেন দুর্ভেদ্য দেয়াল গড়ে তুলেছিলেন গোলপোস্টের সামনে।
হালকা--পাতলা গড়নের ব্রাদার্স গোলরক্ষক মোহাম্মদ আলী ১৩ মিনিটে একটি জোরালো আক্রমণ থেকে দলকে রক্ষা করেন। বক্সের বাইরে থেকে ফ্রান্সিসের নেয়া তীব্র শটটি ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন আলী।
২৩ মিনিটে আবারও ব্যর্থ হন ফ্রান্সিস। পিটার ওদাফের বাড়িয়ে দেওয়া বল গোলপোস্টের একেবারে কাছ থেকেও বাইরে পাঠিয়ে দেন তিনি। ৪১ মিনিটে মোহামেডানের মিডফিল্ডার হাসানের একটি দুরপাল্লার শট আবারও কর্নারের বিনিময়ে রক্ষা করেন মোহাম্মদ আলী।
মোহামেডান প্রথমার্ধের শেষ আক্রমনটি চালায় বিরতির দুই মিনিট আগে। আসাদের কর্নার থেকে পাওয়া বলে পিটার ওদাফ মাথা ছোঁয়াতে সক্ষম হলেও বল ব্রাদার্সের ক্রসবারে লেগে ফিরে আসে। এটাই ছিল মোহামেডানের নষ্ট করা সবচেয়ে সহজ গোলের সুযোগ।
িরতির পর গা ঝাড়া দিয়ে ওঠে গোপীবাগের দল ব্রাদার্স। এসময় তারা দু’বার হানাও দেয় মোহামেডান সীমানায়। কিন্তু ৬৯ ও ৮৯ মিনিটে জসলানের আক্রমন দু’টি মোহামেডানের গোলবার ঘেঁষে মাঠের বাইরে চলে যায়।
ম্যাচ শেষে মোহামেডান কোচ শফিকুল ইসলাম মানিক ফুটবলারদের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করলেও গোলের সুযোগ নষ্ট করায় স্ট্রাইকারদের দায়ী করেছেন।
