২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বিভাগ ক্রিকেট লিগে পারটেক্সের অষ্টম জয়

প্রথম ক্রিকেট লিগে সোমবার অষ্টম জয় পেয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে রুবেন ও শাকিলের দু’টি অনবদ্য হাফ সেঞ্চুরিতে ভর করে পারটেক্স সাত উইকেটে হারিয়েছে প্রান্তিক ক্রীড়া চক্রকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2005, 05:57 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

প্রান্তিকের ১৮৫ রানের জবাবে পারটেক্স ৪১ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। রুবেন ৫৮ এবং শাকিল ৫০ রান করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল মাঠে লালমাটিয়া ক্লাবের বিরুদ্ধে জয় পেয়েছে ধানমন্ডি ক্লাব। খেলায় দু’দলই ১৯৮ রান করে সংগ্রহ করলেও কম উইকেট হারানোর সুবাদে জয় লাভ করে ধানমিন্ড ক্লাব। লালমাটিয়া সবকটি উইকেট হারিয়ে ১৯৮ রান করলেও ধানমন্ডি নয় উইকেটে একই স্কোর করে।

এদিকে ইস্কাটন সবুজ সংঘ লিগে নিজেদের দ্বিতীয় জয় পেয়েছে। সিটি ক্লাব মাঠে ইস্কাটন ১৪ রানে হারিয়েছে ঢাকা মেরিনার ইয়ংস ক্লাবকে।

প্রথম ব্যাট করে বিজয়ী দল ৪৭ ওভারে ২৩৬ রানে অল আউট হয়। রাসেল ৭৬ এবং ফাইয়াজ ৫৪ রান করেন। জবাবে মেরিনার ২২২ রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে বাপ্পি সর্বোচ্চ ৫১ রান করেন।