প্রিমিয়ার ক্রিকেটের ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে মঙ্গলবার
দেশের বিভিন্ন ভেন্যুতে মঙ্গলবার থেকে শুরু হবে একটেল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের খেলা।
ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে গতবারের রানার্স আপ সিটি ক্লাব নবাগত সোনারগাঁও ক্রিকেটার্সের বিরুদ্ধে খেলবে।
সিটি ক্লাব চতুর্থ রাউন্ডে হেরে জয়ের রাস্তা থেকে ছিটকে পড়লেও পঞ্চম রাউন্ডে এসে পয়েন্ট তালিকার শীর্ষ দল ভিক্টোরিয়াকে হারিয়ে আবারও জয়ের ধারায় ফিরেছে। ষষ্ঠ রাউন্ডেও নিজেদের জয়যাত্রা অব্যাহত রাখতে বদ্ধপরিকর শিরোপা প্রত্যাশী সিটি ক্লাব।
অন্যদিকে বড় বাজেটের দল গড়েও এখন পর্যন্ত কোন বড় ম্যাচে জয়ের মুখ দেখেনি সোনারগাঁও ক্রিকেটার্স। আগের ম্যাচে বিমানের বিরুদ্ধেও মাত্র দুই রানে হার মানে তারকা খচিত সোনারগাঁও। ফলে জয়ের জন্য তারাও মুখিয়ে আছে।
একইদিন বগুড়ার ক্রিকেটপ্রেমীরাও বড় ম্যাচের আমেজ লাভ করবে। শহীদ চান্দু স্টেডিয়ামে লিগের আরেক শিরোপা প্রত্যাশী ব্রাদার্স ইউনিয়ন মুখোমুখি হবে আবাহনী লিমিটেডের।
এছাড়া ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ও পয়েন্ট তালিকার শীর্ষ দল ওল্ড ডিওএইচএস খেলবে অগ্রনী ব্যাংকের বিরুদ্ধে। বিকেএসপি--২ মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব লড়বে ইন্দিরা রোড ক্রীড়া চক্রের বিরুদ্ধে। বিকেএসপি--১ মাঠে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স খেলবে ওরিয়েন্ট ক্লাবের বিরুদ্ধে এবং কুমিল্লা স্টেডিয়ামে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব খেলবে কলাবাগান ক্রীড়া চক্রের বিরুদ্ধে।
পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ওল্ড ডিওএইচএস’র সংগ্রহ দশ পয়েন্ট। আট পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মোহামেডান এবং ভিক্টোরিয়া। ছয় পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সিটি ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং আবাহনী লিমিটেড। চতুর্থ স্থানে থাকা কলাবাগান, অগ্রনী ব্যাংক এবং ইন্দিরা রোড ক্রীড়া চক্রের সংগ্রহ দুই পয়েন্ট। ওরিয়েন্ট ক্লাব এখনও কোন পয়েন্টের মুখ দেখেনি।
