নেল, পোলকের বোলিংয়ে নাকাল অস্ট্রেলিয়া
অধিনায়ক রিকি পন্টিংয়ের চলতি বছরের ষষ্ঠ ও ক্যারিয়ারের ছাব্বিশতম শতরানের কল্যাণে স্বাগতিক অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মেলবোর্নে সোমবার থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে আট উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করেছে।
পন্টিংয়ের ১১৭ রান অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহের দিকেই নিয়ে যাচ্ছিল বলে মনে হচ্ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার ফার্স্ট বোলার আন্দ্রে নেল দ্রুত চার উইকেট নিয়ে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অস্ট্রেলিয়া বড় রানের সংগ্রহে বাধা হয়ে দাঁড়ান।
দিন শেষে মাইক হাসি ২৩ রান নিয়ে অপরাজিত রয়েছেন।
শন পোলকের বলে স্লিপে গ্রায়েম স্মিথের হাতে ক্যাচ দেওয়ার আগে ওপেনিং ব্যাটসম্যান ম্যাথু হেইডেন ধীর গতিতে ৬৫ রান সংগ্রহ করে বিদায় নেন। এটি তার ক্যারিয়ারের ২৩তম অর্ধশতক।
নেল ৫৮ রানে চার উইকেট এবং পোলক ৪৬ রানে তিন উইকেট লাভ করেছেন।
শতরানের সুবাদে ২০০৫ সালে ৬৯ দশমিক ৬৮ গড়ে পন্টিংয়ের সংগ্রহ দাঁড়াল ১,৫৩৩ রান। ১৯৭৬ সালে ওয়েস্ট উইন্ডিজের ভিভ রিচার্ডসের এক বছরে করা ১,৭১০ রান থেকে খুব বেশি দুরে নেই পন্টিং।
অবশ্য পন্টিংয়ের ইনিংসটি নিখুঁত ছিল না। ব্যক্তিগত ১৭ রানের মাথায় নেল মিড উইকেটে পন্টিংয়ের ক্যাচ ফেলে দেন।
অবশ্য শুরুটা অস্ট্রেলিয়ার জন্যে খুব বেশি ভাল ছিল না। শুরুতে অভিষিক্ত ব্যাটসম্যান ফিল জ্যাকুয়াসকে হারিয়ে বসে। ফিল মাত্র দুই রান করে সকালের দ্বিতীয় ওভারেই পোলকের বলে জ্যাকুয়াস রুডলফের হাতে ক্যাচ তুলে দেন।
অবশ্য শুরুর ধাক্কাটা কাটিয়ে উঠতে খুব বেশি সময় নেয়নি অস্ট্রেলিয়া। হেইডেন ও পন্টিং দ্বিতীয় উইকেটে ১৫২ রানের জুটি গড়ে তোলেন।
পার্থে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা ব্রাড হজ প্রথমবারের মত এমসিজিতে খেলতে নামার সময় মাঠে উপস্থিত ৭১,৯১০ দর্শকের কাছ থেকে স্বাগত পেলেও তাদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। তিনি দলীয় স্কোর ১৭৬ রানের সময় স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফিরে আসেন। তার সংগ্রহ মাত্র সাত রান।
এর পর পরই নেল স্ব মহিমায় ফিরে আসেন। পন্টিংকে হার্শেল গিবসের হাতে ক্যাচ তুলে দিতে বাধ্য করেন নেল। পরের বলেই অ্যান্ড্রু সাইমন্ডস মার্ক বাউচারের হাতে ক্যাচ তুলে দেন। এবারও বোলার নেল।
উইকেট কিপার এডাম গিলক্রিস্ট হ্যাটট্রিক ঠেকাতে সমর্থ হলেও কিছুক্ষণের মধ্যেই তিনি নেলের বলে মাত্র দুই রান করে গিবসের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে যান।
শেন ওয়ার্ন নয় রান করে বাহাতি স্পিনার নিকি বোয়ের বলে আউট হন। আর দিনের শেষ ওভারের প্রথম বলেই মাখায়া এনটিনির বলে ব্রেট লি লেগ বিফোর উইকেট হয়ে যান। লি আউট হওয়ার পর পরই উইকেট থেকে বেল তুলে নেন দুই আম্পায়ার।
