হাড্ডাহাড্ডি লড়াইয়ে সোনারগাঁওকে দুই রানে হারলো বিমান
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে রোববার ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দল থেকে বাদ পড়া মুশফিকুর রহমানের অলরাউন্ড নৈপূন্যে বিমানের কাছে মাত্র দুই রানে বিধ্বস্ত হয়েছে বড় বাজেটের দল সোনারগাঁও ক্রিকেটার্স।
এ জয়ের ফলে চতুর্থ রাউন্ডে ভিক্টেরিয়ার কাছে পরাজয়েরে পর আবারও জয়ের ধারায় ফিরল বিমান। মুশফিক ৩১ বলে বিশাল একটি ছক্কার সাহায্যে ২২ রানের মূল্যবান ইনিংস খেলেন। পরে বল হাতে সোনারগাঁও ক্রিকোটার্সের শেষের তিনটি উইকেট দখল করে ২১০ রানে বেঁধে ফেলে জয় ছিনিয়ে আনতে মূখ্য ভূমিকা পালন করেন।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বিমান ১৩ দশমিক চার ওভারে ৩৭ রান তুলতেই দু’ ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে। জাভেদ ওমর ১০ ও নাজমুস সাদাত আট রান করেন।
এরপর শাহরিয়ার হোসেন ও পাকিস্তানি রিক্রুট আশরাফ আলী বিধ্বস্ত ইনিংস মেরামতের কাজ শুরু করেন। তাদের জুটিতে ৪৯ রান ওঠার পর শাহরিয়ার ২৯ রান করে স্পিনার নাবিল সামাদের বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়ে বিদায় নেন।
আশরাফ ১২৪ বলে ছয়টি বাউন্ডারির মাধ্যমে ৭৮ রানের অপরাজিত থাকেন। শেষের ১৫ ওভারে বিমান দ্রুত গতিতে ১০৫ রান তুলে নেয়।
জবাবে সোনারগাঁও ক্রিকেটার্স ধীরেসুস্থে ইনিংস শুর করলেও বিমানের চেঞ্জ বোলার মোহাম্মদ শরীফ উদ্বোধনী ব্যাটসম্যান নাঈম ইসলামকে সরাসরি বোল্ড করে প্যাভিলিয়ানে ফেরত পাঠান। শরীফ তার তৃতীয় ওভারে আবারও সোনারগাঁও শিবিরে আঘাত হানেন। অপর ওপেনার রফিকুল ইসলামকে ২৭ রানে প্যাভিলিয়ানের পথ দেখান তিনি।
এরপর তৃতীয় উইকেট জুটিতে মোহাম্মদ আশরাফুল ও ভারতের মানবিন্দর সিং ৮০ রানের পার্টনারশিপ গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। আশরাফুল ও মানবিন্দরের উইকেট দুটিই তুলে নেন মোশাররফ। মানবিন্দর ৮৬ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন। অন্যদিকে আশরাফুল ৬৬ বলে ৩৯ রানের ইনিংস খেলেন।
শেষের দুই ওভারে জয়ের জন্যে সোনারগাঁওয়ের প্রয়োজন ছিল দশ রান। কিন্তু মুশফিকুর রহমান শেষ ওভারে তাপস বৈশ্য এবং মাহবুবুল আলমের উইকেট দু’টি তুলে নিলে জয়ের পথ থেকে ছিটকে পড়ে সোনারগাঁও ক্রিকেটার্স। ৫০ ওভারে নয় উইকেটে ২১০ রান করতে সক্ষম হয় নবাগতরা।
সংক্ষিপ্ত স্কোর: বিমান- ৫০ ওভারে ২১২/৭ (আশরাফ ৭৮, শাহরিয়ার ২৯, মুশফিকুর ২২, রুবেল ২২, শরীফ ১২, জাভেদ ১০, অতিরিক্ত ৩৩, তাপস ২/৪২)
সোনারগাঁও- ৫০ ওভারে ২১০/৯ (মানবেন্দর ৫৭, আশরাফুল ৩৯, রফিকুল ২৯, আল শাহরিয়ার ২০, ইলিয়াস সানী ১৮ নটআউট, রফিক ১৬, নাঈম ১৩, অতিরিক্ত ১৬, মুশফিকুর ৩/২৪, রুবেল ৩/২৯, শরীফ ২/৩৭)।
