২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ক্রিকেটের টাইটেল স্পন্সর একটেল

অবশেষে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের স্পন্সর খুঁজে পেয়েছে ঢাকা মহানগর ক্রিকেট কমিটি (সিসিডিএম)। লিগ চলাকালীন সময়ে দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফোন কোম্পানি একটেল প্রিমিয়ার ক্রিকেটে স্পন্সর করতে এগিয়ে এসেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2005, 06:27 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

স্থানীয় এক হোটেলে রোববার এক সংবাদ সম্মেলনে একটেলের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইসমাইল জানান, দেশের স্থানীয় ক্রিকেটের উন্নয়নের জন্যেই তারা প্রিমিয়ার ক্রিকেটে পৃষ্ঠপোষকতায় এগিয়ে এসেছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত হতে পেরে তারা আনন্দিত।

সংবাদ সম্মেলনে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মাহবুব আনাম, সিসিডিএম এবং ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান খন্দকার জামিলউদ্দিন, একটেলের মার্কেটিং বিভাগের প্রধান আসিফ ইকবাল এবং এর কর্পোরেট অ্যাফেয়ার্স’র প্রধান জাভেদ তারিক।

আসিফ ইকবাল তার বক্তব্যে বলেন, বিসিবির সাথে একটেল ভবিষ্যতেও তাদের সহযোগিতা অব্যাহত রাখবে।

তিনি জানান, চলতি লিগের ছয়টি ভেন্যুর অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে তারা বাইশ থেকে পঁচিশ লাখ টাকা ব্যয় করবেন, আর স্পন্সরশিপ বাবদ তাদের খরচ হবে ১৮ লাখ টাকা।

বিসিবি সাধারণ সম্পাদক মাহবুব আনাম সংবাদ সম্মেলনে জানান, প্রিমিয়ার লিগের কিছু খেলা টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা অথবা ম্যাচের হাইলাইটস সম্প্রচারিত হতে পারে। এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু না বললেও কয়েকটি টেলিভিশন চ্যানেলের সাথে তাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আনাম।

প্রিমিয়ার লিগের জন্যে স্পন্সর খুঁজে না পাওয়াটা বিসিবির মার্কেটিং কমিটির ব্যর্থতা কিনা জানতে চাওয়া হলে মাহবুব আনাম বলেন, বিসিবি একটি পরিবারের মত এবং আমরা সব কাজ একসাথেই করি। তাই এর যেকোন সফলতা কিংবা ব্যর্থতা সবই নির্বাহী কমিটির কাঁধেই চাপবে।

লিগ শুরু হওয়ার চারদিন আগে মার্কেটিং কমিটি স্পন্সর খুঁজে না পাওয়ার বিষয়টি সিসিডিএমকে জানালে পরবর্তীতে সিসিডিএম চেয়ারম্যান একক প্রচেষ্টায় স্পন্সর হিসেবে একটেলকে নিশ্চিত করেন।