জেএফএ কাপ ফুটবলের আঞ্চলিক ফাইনালে ছয় দল
জেএফএ কাপ অনুর্ধ্ব ১৬ ফুটবল টুর্নামেন্টের আঞ্চলিক ফাইনালে উঠেছে ছয় দল। দলগুলো হচ্ছে- ঢাকা, চট্টগ্রাম, খুলনা, ঝিনাইদহ, গাজীপুর এবং ঠাকুারগাঁও। দেশের বিভিন্ন ভেন্যুতে শনিবার দলগুলো নিজ নিজ প্রতিপক্ষকে হারিয়ে আঞ্চলিক ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
একই দিন কুড়িগ্রাম স্টেডিয়ামে স্বাগতিক দল ৫--২ গোলে পাবনাকে বিধ্বস্ত করে আঞ্চলিক সেমিফাইনালে উঠেছে। বিজয়ী দলের এরশাদুল চারটি এবং মঞ্জুরুল একটি গোল করেন। পাবনার পক্ষে দু’টি গোল করেন শামিম ও সুমন।
মানিকগঞ্জ স্টেডিয়ামে বিপ্লবের হ্যাটট্রিকে ঢাকা ৪--০ গোলে হারিয়েছে শরীয়তপুরকে। ঢাকার পক্ষে অন্য গোলটি করেন আসিফ।
রাঙ্গামাটি স্টেডিয়ামে চট্টগ্রাম ১--০ গোলে হারিয়েছে কুমিল্লাকে। বিজয়ী দলের পিপল কান্তি দাস একমাত্র গোলটি করেন।
বাগেরহাট স্টেডিয়ামে খুলনা ২--১ গোলে হারায় ঝালকাঠিকে। বিজয়ী দলের সাব্বির ও ফয়সাল গোল করেন। ঝালকাঠির হয়ে একটি গোল পরিশোধ করেন আক্তার। সাতক্ষীরা স্টেডিয়ামে ঝিনাইদহ ৫--২ গোলে হারিয়েছে চুয়াডাঙ্গাকে। ঝিনাইদহের মোহন চারটি এবং হোসেন একটি গোল করেন। চুয়াডাঙ্গার পক্ষে দু’টি গোল করেন শাকিল ও মেজবা।
টাঙ্গাইল স্টেডিয়ামে গাজীপুর ৩--০ গোলে হারায় ময়মনসিংহকে। বিজয়ী দলের সুমন বর্মণ দু’টি এবং সোহেল একটি গোল করেন।
গাইবান্ধা স্টেডিয়ামে জয়পুরহাটের বিরুদ্ধে টাইব্রেকারে ৩--২ গোলে জয় পায় ঠাকুরগাঁও। নির্ধারিত সময়ে খেলা ২--২ গোলে অমীমাংসিত ছিল।
