২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ক্রিকেটে ডিওএইচএস’র জয় অব্যাহত, হোঁচট খেয়েছে ভিক্টোরিয়া

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে এসেও জয়ের ধারা বজায় রেখেছে চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস, কিন্তু দ্বিতীয় স্থানে থাকা ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব এই রাউন্ডে এসে হোঁচট খেয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2005, 07:34 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে শনি

বার পয়েন্ট তালিকার শীর্ষ দল ওল্ড ডিওএইচএস ছয় উইকেটে হারিয়েছে দুর্বল ইন্দিরা রোড ক্রীড়া চক্রকে। বিকেএসপি--২ মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব সাত উইকেটের বিশাল জয় পেয়েছে নবাগত ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে।

ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে গতবারের রানার্স আপ সিটি ক্লাবের বিরুদ্ধে ৮৭ রানে হেরে গেছে ভিক্টোরিয়া।

বিকেএসপি--১ মাঠে ব্রাদার্স ইউনিয়ন ১৩৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে অগ্রনী ব্যাংককে। টানা দুই ম্যাচ হারের পর জয়ের ধারায় ফিরেছে শিরোপা প্রত্যাশী ব্রাদার্স।

ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী আট উইকেটে হারিয়েছে কলাবাগান ক্রীড়া চক্রকে।

বৃষ্টির কারণে কুমিল্লা স্টেডিয়ামে সোনারগাঁও ক্রিকেটার্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হয়নি। খেলাটি রোববার ধানমন্ডি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ওল্ড ডিওএইচএস বনাম ইন্দিরা রোড

দুর্বল ইন্দিরা রোডের বেঁধে দেওয়া ১৯৬ রানের টার্গেটের পেছনে ধাওয়া করে ওল্ড ডিওএইচএস কেনিয়ান তারকা স্টিভ টিকোলো এবং অধিনায়ক আকরাম খানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে ১৯৯ রান তুলে জয় ছিনিয়ে নেয়। দু’জনই হাফ সেঞ্চুরি করে অপরাজিত থাকেন।

টিকোলো ৭৬ বলে ৬৭ এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান ৬২ বলে ৬০ রান করেন।

এর আগে জাতীয় দলের অল রাউন্ডার খালেদ মাহমুদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইন্দিরা রোড অল্প সংগ্রহে গুটিয়ে যায়। মাহমুদ ২৮ রানে চার উইকেট লাভ করেন। এছাড়া টিকোলো ও আব্দুর রাজ্জাক দু’টি করে উইকেট দখল করেন।

ভিক্টোরিয়া বনাম সিটি ক্লাব

প্রথম ব্যাট করে সিটি ক্লাব আট উইকেটে ২৫৩ রানের লড়াকু ইনিংস গড়ে। তুষার ইমরান এবং অলক কাপালী অর্ধশতক হাঁকান। এক পর্যায়ে ৬০ রানে তিন উইকেটে হারিয়ে ধুঁকতে থাকে রানার্স আপরা। চতুর্থ উইকেট জুটিতে তুষার ইমরান এবং অলক কাপালী ৬৬ রান যোগ করে দলের প্রাথমিক বিপর্যয় সামাল দিতে সক্ষম হন। তুষার ৭২ বলে ৫৮ রান করে ওয়াসকুরনীর বলে ফরহাদের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন।

পঞ্চম উইকেট জুটিতে কাপালী এবং মেহরাব হোসেন আরও ৫৪ রান করেন। কাপালী ৫৪ রান করে জাফর কোরেশীর বলে আউট হন। জাফর ৩৬ রানে নেন চার উইকেট।

জবাবে ভিক্টোরিয়া মাত্র ১৬৬ রানে অল আউট হয়ে যায়। জাফর কোরেশী সর্বোচ্চ ৪১ রান করেন।

মোহামেডান বনাম ওরিয়েন্ট

ওরিয়েন্ট ক্লাবের ছুঁড়ে দেওয়া ১২৭ রানের জবাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ভারতীয় সন্দ্বীপ শর্মার ৬৬ রানের সুবাদে ১২৯ রান করে জয় তুলে নেয়। মোহামেডানের বাঁ হাতি স্পিনার নাদিফ চৌধুরী মাত্র ১১ রানে ওরিয়েন্টের চার উইকেট তুলে নিয়ে ধস নামান। এছাড়া তরুণ সাব্বির খান ৩২ রানে নেন তিন উইকেট।

ব্রাদার্স বনাম অগ্রনী ব্যাংক

প্রথম ব্যাট করে ব্রাদার্স ইউনিয়ন আট উইকেটে ২৭১ রান সংগ্রহ করে। ব্রাদার্সের পাকিস্তানি রিক্রুট রশিদ হানিফ লিগের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন এদিন।  হানিফ ১৪৯ বলে ১১টি চার ও দু’টি ছক্কার সাহায্যে ১০৭ রান করেন। এছাড়া এহসানুল হক ৭৪ বলে করেন ৪৭ রান।

জবাবে অগ্রনী ব্যাংক ১৩৫ রানে অল আউট হয়। ব্যাংকের রিজওয়ান কোরেশী ৪৫ রান করার পাশাপাশি বল হাতে ৬০ রানের বিনিময়ে নেন তিন উইকেট।

আবাহনী বনাম কলাবাগান

প্রথম ব্যাট করে আবাহনী লিমিটেড আট উইকেটে ২১৭ রানের সম্মানজনক স্কোর গড়ে। জহিরুল ৯৭ এবং ফয়সাল হোসেন ডিকেন্স ৬৩ রান করেন।

জবাবে কলাবাগান ২০৯ রানে গুটিয়ে যায়। ডিকেন্স এবং আলমগীর কবির যথাক্রমে ২২ ও ৪৬ রান দিয়ে প্রতিপক্ষের ছয়টি উইকেট ভাগাভাগি করে নেন।