পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে ফিরলেন সৌরভ
সব জল্পনা--কল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় দলের আবারও জায়গা করে নিয়েছেন ‘মহারাজ’। আগামী মাসে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্যে ঘোষিত ১৬ সদস্যের ভারতীয় স্কোয়াডে ডাক পেয়েছেন কিছুদিন আগেই সাবেক হয়ে যাওয়া অধিনায়ক সৌরভ।
শুধু দলে ডাক পাওয়াই নয়, বোর্ডের সাথে ক্রিকেটারদের বেতনক্রমের যে কাঠামো ঠিক করা হয়েছে তাতে গাঙ্গুলিকে রাখা হয়েছে এ গ্রেডে।
সৌরভ ছাড়াও তিনমাস পর পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে ডাক পেয়েছেন বাঁ হাতি পেসার জহির খান, তবে গাঙ্গুলির জন্যে জায়গা ছেড়ে দিতে হয়েছে মোহাম্মদ কাইফকে। বাদ পড়াদের তালিকায় রয়েছেন স্পিনার মুরলি কার্তিকও।
২১ টেস্ট জয় এবং নিজে ৮৬ টেস্টে পাঁচ হাজারেরও বেশি রান করে সৌরভই ছিলেন ভারতের সবচে সফল অধিনায়ক। কিন্তু গত সপ্তাহে শ্রীলংকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে রহস্যজনকভাবে দল থেকে বাদ পড়েন অভিজ্ঞ এই অধিনায়ক।
এর আগে এবছরই গাঙ্গুলি এবং কোচ গ্রেগ চ্যাপেল অনাকংাখিত বিতর্কে জড়িয়ে পড়লে নির্বাচকরা ভারতীয় দলের দায়িত্ব তুলে দেন রাহুল দ্রাবিড়ের হাতে। গাঙ্গুলিকে পুনরায় দলে ডাকার কারণ হিসেবে প্রধান নির্বাচক কিরন মোরে বলেছেন, কঠিন একটি সফরে দলের মিডল অর্ডারের শক্তি বাড়াতেই তাকে দলে রাখা হয়েছে।
মোরে বলেন, পাকিস্তান সফর বেশ কঠিন হবে। টেস্টে সৌরভ প্রচুর রান করেছে। তাকে ফিরিয়ে আনার মধ্য দিয়ে দলের মিডল অর্ডার শক্তিশালী হবে বলে আমরা মনে করছি।
প্রধান নির্বাচক আরও জানান, শ্রীলংকার মত দুর্বল দলের বিরুদ্ধে গাঙ্গুলির পরিবর্তে অন্যদের দিয়ে চেষ্টা করা হয়েছে। কাইফ ভালো করলেও গাঙ্গুলির অভিজ্ঞতার সাথে কাইফের তুলনা হয় না।
দলে স্পিনার রয়েছেন যথারীতি দু’জন- অভিজ্ঞ অনলি কুম্বলে এবং হরভজন সিং। কিন্তু দীর্ঘ একবছর পর দলে ফিরেছেন উইকেট রক্ষক পার্থিব প্যাটেল। প্যাটেলকে দলে অর্ন্তভুক্ত করার কারণ হিসেবে কিরন মোরে জানান, যে কোন ধরনের ইনজুরির ক্ষতি থেকে রক্ষার পাওয়ার জন্যেই দ্বিতীয় উইকেট রক্ষক হিসেবে দলে প্যাটেলকে রাখা হয়েছে। তাছাড়া ভালো কিপিং এবং ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে ভালো পারফরম্যান্সও প্যাটেলকে আবারও দলে জায়গা করে দেয়ার জন্যে যথেষ্ট ছিল।
সৌরভের নেতৃত্বেই ২০০৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট এবং ওয়ানডে সিরিজ জেতে ভারত। আসন্ন সফরে তারা পাকিস্তানের বিরুদ্ধে তিনটি টেস্ট এবং পাঁচটি ওয়ানডে খেলবে।
এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড সম্পাদক নিরঞ্জন শাহ আগামী এক বছরের জন্যে চুক্তিবদ্ধ যে সব ক্রিকেটারদের নাম ঘোষণা করেন তাতে অন্য সাত ক্রিকেটারের সাথে সৌরভকেও রাখা হয়েছে এ গ্রেডে। বাকি সাত ক্রিকেটররা হলেন- রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেওয়াগ, ভিভিএস লক্ষ্মণ, ইরফান পাঠান, অনিল কুম্বলে এবং হরভজন সিং। বি গ্রেডের ক্রিকেটারা হচ্ছেন- যুবরাজ সিং, মোহাম্মদ কাইফ, মহেন্দ্র সিং ধোনী, অজিত আগারকার। জহির খান এবং গৌতম গম্ভীর রয়েছেন সি গ্রেডে।
ভারতীয় স্কোয়াড: রাহুল দ্রাবিড় (অধিনায়ক), বীরেন্দ্র শেওয়াগ (সহ অধিনায়ক), শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষ্মণ, যুবরাজ সিং, গৌতম গম্ভীর, ওয়াসিম জাফর, ইরফান পাঠান, জহির খান, অজিত আগারকার, আরপি সিং, হরভজন সিং, অনিল কুম্বলে, এমএস ধোনী (উইকেটরক্ষক), পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক)।
