২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে অবমূল্যায়ন করায় ওয়ান ডে এবং টেস্ট সিরিজে হেরেছে ইংল্যান্ড ঃ ইমরান

পাকিস্তানের সাবেক কিংবদন্তি অধিনায়ক ইমরান খান বলেছেন, ইংল্যান্ড দল পাকিস্তানকে অবমূল্যায়ন করার কারণেই টেস্ট এবং ওয়ান ডে সিরিজে পরাজিত হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2005, 11:32 AM

Updated : 26 Apr 2022, 06:25 PM

স্বাগতিক পাকিস্তান আশার তুলনায় বেশি ভাল খেলেছেন বলে ইমরান মনে করেন।

তিনি বলেন, “ইংল্যান্ড অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়াকে হারানোর পর পাকিস্তান দলকে খাটো করে দেখছিল।”

১৮ বছর পর অ্যাশেজ সিরিজ জয় করে ইংল্যান্ড দল পাকিস্তান সফরে এসে টেস্ট সিরিজে ২-০ এবং ওয়ান ডে সিরিজে ৩-২ ব্যবধানে পরাজিত হয়।

ইমরান বলেন, “অধিনায়কত্ব হচ্ছে মূল বিষয়। গত বছর পাকিস্তান সফরে সিরিজ জয়ী ভারতীয় দলের কাপ্তানি করেছেন সৌরভ গাঙ্গুলী। তার নেতৃত্বে ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরেও বেশ ভাল করে। তবে দেশের মাটিতে সেইবার ইনজামাম আত্মবিশ্বাস দেখাতে ব্যর্থ হয়েছিলেন।”

তিনি আরও বলেন, “মুলতানে ইংল্যান্ড ইনজুরির কারণে তাদের অধিনায়ক মাইকেল ভনকে হারায় এবং তার পর থেকে কখনই ইংল্যান্ড দলকে ফর্মে পাওয়া যায়নি।”

শোয়েব আখতার সম্পর্কে ইমরান বলেন, “এই সিরিজে শোয়েব আখতার নতুন রূপে দেখা গিয়েছে এবং তা একমাত্র সম্ভব হয়েছে ইনজামাম তাকে আত্মবিশ্বাস দিয়েছিল বলেই।”

ইংল্যান্ড দলকে হারানোর পর আগামী বছরের জানুয়ারি মাসে পাকিস্তান সফরে ভারতীয় দলের বিরুদ্ধে তারাই ফেবারিট থাকবেন বলে ইমরান মনে করেন।

ইমরান বলেন, “ভারতের বিরুদ্ধে আখতার এবং ইনজামাম যদি তিন টেস্ট খেলেন তাহলে ভারতকে পরাজিত করতে বেশি বেগ পেতে হবে না।

ভারতের বিরুদ্ধে সিরিজ খেলার জন্য লাহোরে ৭ জানুয়ারি থেকে পাকিস্তান দলের প্রস্তুতি ক্যাম্প বসবে। তার আগে পাকিস্তানের ক্রিকেটাররা দু’সপ্তাহের জন্য বিশ্রামে থাকবে।

ভারতীয় দল ৬ জানুয়ারি পাকিস্তানে আসবে।

ভারত এবং পাকিস্তান দলের মধ্যে তিনটি টেস্ট এবং পাঁচটি ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে।