২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপের প্লে--অফ ম্যাচে নিজেদের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে জয় পেলনা বাংলাদেশ

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার এশিয়া কাপের প্রাক বাছাই পর্বের প্লে--অফ ম্যাচটি গোলশুন্য ড্র হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2005, 08:56 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

করাচীর পিপলস স্পোর্টস কমপ্লেক্সে ২৬ ডিসেম্বর ফিরতি ম্যাচে আবারও দু’দল মাঠে নামবে। বাছাই পর্বে খেলতে হলে ফিরতি ম্যাচে বাংলাদেশের ড্র করলেই চলবে। পাকিস্তানের মাটিতে ড্র করতে পারলেই বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচের সুবিধা নিয়ে বাছাই পর্বে খেলার সুযোগ পাবে।

ম্যাচ শেষে দু’দলের কোচই নিজ নিজ দলের খেলায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।  বাংলাদেশের আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানি জানান, ফুটবলারদের ধীরগতিতে খেলে প্রতিপক্ষের কৌশল বুঝে নেয়ার নির্দেশ দেয়া হয়েছিল, কিন্তু পাকিস্তান ডিফেন্সলাইনে আটজন ফুটবলার দাঁড় করিয়ে রাখায় তাদের রক্ষনাত্মক কৌশলটা কাজে লেগেছে। আমার ফুটবলাররা গোল করার সুযোগ কমই পেয়েছে।

কোচ ক্রুসিয়ানি বলেন, সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে ভারতের বিরুদ্ধে পরাজয়ের ধাক্কাটা সামলে উঠতে খেলোয়াড়দের কিছুটা সময় লাগবে।

এক প্রশ্নের জবাবে ক্রুসিয়ানি বলেন, মাত্র দশদিন আগে পাকিস্তানকে সাফ চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে হারিয়েছে বাংলাদেশ, ফলে নিজেদের মাঠে তারাই চাপের মধ্যে থাকবে।

খেলার শেষ বাঁশি বাজার সাথে সাথে ক্ষুব্ধ বাংলাদেশের কোচ ক্রুসিয়ানি ভারতীয় রেফারী রেজওয়ানুল হকের দিকে ধেয়ে গেলে অনাকাংখিত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে অবশ্য ক্রুসিয়ানি জানিয়েছেন, সে সময় রাগ সামলাতে না পেরে এই কান্ড ঘটিয়েছেন এবং এর জন্য তিনি অনুতপ্ত।

রেফারী সম্পর্কে তিনি বলেন, রেফারীর ম্যাচ পরিচালনার মধ্যে দুর্বলতার ছাপ ছিল এবং তার বেশ কিছু সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গেছে। 

পাকিস্তান দলের বাহরাইনি কোচ মোহাম্মদ সামলান জানিয়েছেন, তার দলের খেলোয়াড়রা নির্দেশ মেনে খেলায় তিনি খুশি এবং ডিফেন্ডাররা ও গোলরক্ষক বাংলাদেশের আক্রমনগুলো বেশ ভালোভাবেই সামাল দিয়েছে।

তিনি বলেন, সাফের সেমিফাইনালে বেশ কিছু ভালো সুযোগ নষ্ট করায় আমরা দুর্ভাগ্যবশত বাংলাদেশের বিরুদ্ধে হেরে গিয়েছিলাম। আজকের ম্যাচেও আমরা অনেক সুযোগ নষ্ট করেছি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফিরতি ম্যাচটি নিজেদের মাঠে খেললেও দু’দলেরই এশিয়া কাপের বাছাই পর্বে খেলার সম্ভাবনা রয়েছে।

ম্যাচের পুরো সময় বাংলাদেশ বলের উপর নিজেদের নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করতে পারলেও গোল আদায় করে নিতে পারেনি। বাংলাদেশ প্রায় ডজনখানেক কর্নার আদায় করে নিলেও পাকিস্তানি ডিফেন্ডার- তানভীর, নাভেদ, মেহমুদ এবং ইমরানের দৃঢ়তার কারণে সেগুলোকে গোলে পরিণত করতে সক্ষম হয়নি। ডিফেন্ডারদের পাশাপাশি পাকিস্তানের গোলরক্ষক-কাম অধিনায়ক জাফর খানও ছিলেন সতর্ক।

প্রথমার্ধের ইনজুরি সময়েই এগিয়ে যেতে পারত বাংলাদেশ। কিন্তু কাঞ্চনের দুরন্ত হেড অল্পের জন্য পাকিস্তানের গোলপোষ্ট মিস করে।

দ্বিতীয়ার্ধের দুই মিনিটের মধ্যেই আবার সুযোগ তৈরী করে বাংলাদেশ। ডান প্রান্ত থেকে হাসান আল মামুন ক্রস করেন পাকিস্তানের গোলপোষ্টের একেবারে কাছে দাঁড়িয়ে থাকা মিডফিল্ডার মুন্নার উদ্দেশ্যে। প্রয়োজন ছিল শুধু একটি আলতো টোকা। কিন্তু বলের সাথে মুন্নার পায়ের সংযোগ না ঘটায় হতাশায় পুড়তে হয় বাংলাদেশ শিবিরকে। শেষ পর্যন্ত গোলশুন্যভাবেই মাঠ ছাড়তে হয় দু’দলকে।

বাংলাদেশ: আমিনুল, হাসান আল মামুন, রজনী, সুজন, টিটু, আরমান, জয়, মুন্না, কাঞ্চন (উজ্জ্বল), আলফাজ, ফরহাদ (এমিলি)।

পাকিস্তান: জাফর খান, তানভীর, ইমরান (সাফিউল্লাহ), আজিজি (আরিফ), ফারুক শাহ, জাহিদ, নাভেদ, ঈসা, মেহমুদ, ইমরান নিয়াজি, মোহাম্মদ ইমরান।

হলুদ কার্ড: আরমান (বাংলাদেশ) আজিজি (পাকিস্তান)।