জেএফএ কাপ ফুটবলের আঞ্চলিক সেমিতে সাত দল
দেশের বিভিন্ন ভেন্যুতে বুধবার থেকে শুরু হওয়া দ্বিতীয় জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ) কাপ অনুর্ধ্ব ১৬ ফুটবল টুর্নামেন্টের আঞ্চলিক সেমিফাইনালে উঠেছে সাত দল। দলগুলো হচ্ছে- ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, জয়পুরহাট, ঝিনাইদহ, খুলনা এবং নীলফামারী।
মানিকগঞ্জ স্টেডিয়ামে সুজনের হ্যাটট্রিকে ঢাকা ৬--০ গোলে বড় জয় পেয়েছে রাজবাড়ীর বিরুদ্ধে। সুজন চারটি, কিবরিয়া এবং আরিফুর একটি করে গোল করেন।
টাঙ্গাইল স্টেডিয়ামেও হ্যাটট্রিক হয়েছে। সুমনের হ্যাটট্রিকসহ চার গোলের সুবাদে গাজীপুর ৭--০ গোলের বিশাল ব্যবধানে হারায় জামালপুরকে। সুমন ছাড়াও বিজয়ী দলের রেজাউল দু’টি এবং বিপুল একটি গোল করেন।
সাতক্ষীরা স্টেডিয়ামে ঝিনাইদহ হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩--২ গোলে হারায় মাগুরাকে। ঝিনাইদহের বাশারুল দু’টি ও মোহন এক গোল করেন। মাগুরার পক্ষে দু’টি গোল করেন নাজিবুল ও রিক্ত।
রাঙ্গামাটি স্টেডিয়ামে চট্টগ্রাম জিয়াউল হাসানের একমাত্র গোলে হারিয়েছে ফেনীকে। গাইবান্ধা স্টেডিয়ামেও জয়পুরহাট ১--০ গোলে হারায় সিরাজগঞ্জকে। ম্যাচের একমাত্র গোলটি করেন রফিকুল ইসলাম।
বাগেরহাট স্টেডিয়ামে খুলনা ৩--০ গোলে হারিয়েছে যশোরকে। বিজয়ী দলের মনির, ইয়াসিন ও মিতুল একটি করে গোল করেন। কুড়িগ্রাম স্টেডিয়ামে নীলফামারী টাইব্রেকারে ৭--৬ গোলে হারায় নওগাঁকে।
