এশিয়া কাপ বাছাই পর্বে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের জন্যেই মাঠে নামবে বাংলাদেশ
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপ ফুটবলের বাছাই পর্বের প্লে অফ ম্যাচে জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক এবং কোচ। বিকেল ৪টায় খেলাটি শুরু হবে।
দু’দলের মধ্যেকার ফিরতি ম্যাচ ২৬ ডিসেম্বর করাচিতে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মেলন কক্ষে বুধবার সাংবাদিক কাছে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের জন্যে বাংলাদেশ দল মাঠে নামবে বলে জানালেন দলের অর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানি এবং অধিনায়ক আরিফ খান জয়।
কোচ ক্রুসিয়ানি শুরুতেই জানিয়ে দিলেন, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে তার দল সম্পূর্নরূপে প্রস্তুত। সাথেসাথে ম্যাচ জয়ের জন্যে যে জিনিসটি দরকার সেই আত্মবিশ্বাসও যে দলের রয়েছে তাও জানিয়ে দিতে ভুল করেননি ক্রুসিয়ানি। ফুটবলারদের ভালো পারফরম্যান্স প্রদর্শনের ব্যাপারে অত্যন্ত আশাবাদী এই আর্জেন্টাইন কোচ।
আর্জেন্টিনার এই হাইপ্রোফাইল কোচ বলেন, শুধুমাত্র সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ছাড়া পুরো টুর্নামেন্টেই দল নতুন কৌশল রপ্ত করাসহ বেশ উন্নতি করেছে এবং নিজেদের মেলে ধরতে তাদের আরও অন্তত একবছর সময় লাগবে।
এক প্রশ্নের জবাবে ৪২ বছর বয়সী ক্রুসিয়ানি জানান, বৃহস্পতিবারের ম্যাচে দলের সিনিয়র খেলোয়াড়দের দল থেকে বাদ দেওয়ার কোন সম্ভাবনা নেই, তারা সবাই খেলবে। তবে আগামী মার্চে বাংলাদেশে অনুষ্ঠিতব্য এএফসি চ্যালেঞ্জ কাপ ট্রফির সময় দলে পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
ক্রুসিয়ানি বলেন, বাংলাদেশী ফুটবলারদের মানসিক দৃঢ়তা প্রয়োজন, আমি এখন ফুটবলারদের এই দিকটি নিয়েই কাজ করছি। অবশ্য প্রথমে আমি ভেবেছিলাম এদেশের ফুটবলাররা আমার দেশের (আর্জেন্টিনা) ফুটবলারদের মতই মানসিক দিক থেকে শক্তিশালী।
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের কথা বলতে গিয়ে তিনি বলেন, পুরো টুর্নামেন্টে বাংলাদেশ ভালো খেলেছে, কিন্তু ফাইনালে তাদের পারফরম্যান্স একেবারেই ভালো হয়নি। ক্রুসিয়ানির বিশ্বাস বাংলাদেশের ফুটবলাররা আরও অনেক ভালো খেলার যোগ্যতা রাখে।
বাংলাদেশ দলের অধিনায়ক আরিফ খান জয় বলেন, পাকিস্তানের বিরুদ্ধে জয় ছাড়া কোন বিকল্প নেই। সেই সাথে আমরা সাফ ফাইনালের ব্যর্থতা ঝেড়ে ফেলতে সর্বাত্মক চেষ্টা করব।
অধিনায়ক পাকিস্তান সফরের ধকলের কথা স্বীকার করার পাশাপাশি সাফ ফাইনালের হতাশাজনক পারফরম্যান্সের কথাও বললেন, ভ্রমণ এবং সাফ ফাইনালের বাজে পারফরম্যান্স সবকিছু মিলিয়ে আমরা সত্যিকার অর্থেই ক্লান্ত। পাকিস্তানের বিরুদ্ধে জয়ের মাধ্যমে সবকিছু মুছে ফেলতে চাই।
অন্যদিকে পাকিস্তান ফুটবল দলের ম্যানেজার তারিক লুতফি জানান, পাকিস্তানি ফুটবলারদের আরও বেশি এক্সপোজার পাওয়ার জন্যেই তারা এখানে এসেছেন। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটি যে কঠিন সে কথাও জানালেন লুতফি।
ফিফার ‘এ’ গ্রেডের লাইসেন্সধারী কোচ এবং এএফসির কোচিং প্রশিক্ষক লুতফি বলেন, পাকিস্তান দল এই মুহূর্তে মানসিক এবং দলগতভাবে বেশ ভালো অবস্থায় রয়েছে এবং তারা ভালো খেলার ব্যাপারে আশাবাদী।
সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহনকারী পাকিস্তান স্কোয়াড থেকে ডিফেন্ডার ইয়াসির আফ্রিদি এবং মিডফিল্ডার মুদাস্সর সাঈদকে বাদ দিয়ে শহীদ সেলিম এবং সাইফুল্লাহকে দলে অর্ন্তভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান ম্যানেজার।
