২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ক্রিকেটের দুই হেভিওয়েট ম্যাচ বিকেএসপিতে

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বুধবার সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে বর্তমান চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস শিরোপা প্রত্যাশী ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 04:35 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

বিকেএসপিতেই অনুষ্ঠিত হবে আরেকটি হেভিওয়েট ম্যাচ। মোহামেডান স্পোর্টিং ক্লাব লড়বে নবাগত সোনারগাঁও ক্রিকেটার্সের বিরুদ্ধে।

চ্যাম্পিয়ন ডিওএইচএস তাদের আগের তিনটি ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে ভিক্টোরিয়ার সাথে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে।

অন্যদিকে ব্রাদার্স ইউনিয়ন সমান সংখ্যক ম্যাচে সংগ্রহ করেছে চার পয়েন্ট। শেষ ম্যাচে নীচু সারির দল কলাবাগানের বিরুদ্ধে হারে গোপীবাগের দলটি। জাতীয় দল থেকে বাদ পড়া এহসানুল হকের নেতৃত্বে ব্রাদার্স ইউনিয়ন চ্যাম্পিয়নদের হারিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া।

জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানের দল ডিওএইচএস ব্রাদার্সের বিরুদ্ধে জিতে জয়ের শতভাগ রেকর্ড ধরে রাখতে বদ্ধ পরিকর। ফলে ডিওএইচএস--ব্রাদার্স দ্বৈরথ হাড্ডাহাড্ডি বলে মনে করছেন ক্রিকেটবোদ্ধারা।

চার পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, সোনারগাঁও ক্রিকেটার্স, সিটি ক্লাব, বাংলাদেশ বিমান এবং ব্রার্দাস ইউনিয়ন।

জাতীয় দলের অধিনায়ক হাবিবুল বাশারের নেতৃত্বাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের আগের ম্যাচেই দুই বারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ার বিরুদ্ধে হেরে জয়ের ধারা থেকে ছিটকে পড়েছে। অন্যদিকে নবাগত সোনারগাঁও ক্রিকেটার্স লিগে তাদের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন ডিওএইচএস’র বিরুদ্ধে হেরে গেলেও শেষ দু’টি ম্যাচ জিতে দারুণভাবে শিরোপা লড়াইয়ে ফিরে এসেছে। 

বুধবার দেশের বিভিন্ন ভেন্যুতে আরও চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো হচ্ছে-

ভিক্টোরিয়া বনাম বিমান- বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম

সিটি ক্লাব বনাম আবাহনী- ফতুল্লা ক্রিকেট স্টেডিয়াম

কলাবাগান বনাম অগ্রনী ব্যাংক- ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম

ইন্দিরা রোড বনাম ওরিয়েন্ট- কুমিল্লা স্টেডিয়াম।