ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও জিতেছে পাকিস্তান
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের পর ওয়ানডে সিরিজও জিতে নিয়েছে পাকিস্তান। সোমবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে ১৩ রানে ইংল্যান্ডকে হারিয়ে ৩--১ এ সিরিজ জিতে নিয়েছে ইনজামাম বাহিনী।
পাকিস্তানের ২১০ রানের জবাবে ইংল্যান্ড ১৯৭ রানে অল আউট হয়ে যায়।
টসে জিতে পাকিস্তানের অধিনায়ক ইনজামাম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। রাওয়ালপিন্ডির স্টেডিয়ামে দর্শকও এসেছিল প্রচুর। কারণটা পরিস্কার, পরপর দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকানো কামরান আকমলের বিধ্বংসী ব্যাটিং আর ইনজির অধিনায়কত্বে পাকিস্তানের দুরন্ত ক্রিকেট। কিন্তু স্বাগতিকদের সূচনাটা আগের দুই ম্যাচের মত হয়নি। দলের ৩৪ রানেই চার উইকেট উধাও। একে একে ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান সালমান বাট, ইউনিস খান এবং কামরান আকমল। এক পর্যায়ে ৫৮ রানে চতুর্থ উইকেট হিসেবে যখন মোহাম্মদ ইউসুফও প্যাভিলিয়নে ফেরেন তখন মনে হচ্ছিল জয়ের ধারা থেকে ছিটকে পড়তে যাচ্ছে পাকিস্তান।
কিন্তু শোয়েব মালিককে নিয়ে এ অবস্থা থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক ইনজামাম। পঞ্চম উইকেট জুটিতে গড়েন ৬০ রানের মূল্যবান পার্টনারশিপ। ঘুরে দাঁড়ানোর রসদ পায় পাকিস্তান।
কিন্তু এখানে এসেই আবারও ছন্দপতন। অধিনায়ককে একা রেখে ব্লাকওয়েলের বলে স্ট্রসের হাতে ক্যাচ দেন মালিক (২৩)। কিন্তু ব্যাট হাতে সে ধাক্কাটা বুঝতেই দেননি শহীদ আফ্রিদি। স্বভাবসুলভ ভঙ্গিতে খেলে ৩৩ বলে দু’টি ছয়ে ৩৪ রান করে প্লাংকেটের বলে বোল্ড হয়ে যান এই হার্ডহিটার।
এরপর আর কোন ব্যাটসম্যানই অধিনায়ককে যোগ্য সহযোগিতা দিয়ে যেতে পারেননি। ফলে ২১০ রানের বেশি করতেও পারেনি পাকিস্তান। সবাই সাজঘরে ফিরে গেলেও অধিনায়ক ১১৩ বলে সাতটি চার ও একটি ছয়ে ৮১ রান করে অপরাজিত থেকে যান।
পাক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে ইংলিশদের জবাবটাও ছিল টালমাটাল। সফরকারীরা প্রথম থেকেই উইকেট হারাতে থাকে নিয়মিত বিরতিতে। স্কোর বোর্ডে ৭৭ রান জমা হতেই তাদের পাঁচ বাঘা ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। মিডল অর্ডারে ফ্লিনটফ কিছুটা মাথা তুলে দাঁড়াতে চেষ্টা করলেও আফ্রিদির স্পিনের ছোবলে তিনিও বেশিদুর এগুতে পারেননি। ৪৮ বলে চারটি বাউন্ডারি এবং একটি ছক্কায় ৪০ রান করে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন ফ্লিনটফ। এছাড়া ব্লাকওয়েল ২৯ রান করেন।
শেষদিকে কবির আলী এবং জেমস অ্যান্ডারসন কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। অ্যান্ডরসন ১১ রান করে পিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতারের বলে ইউনিস খানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নিলেও কবির আলী ৫১ বলে পাঁচটি চারের সাহায্যে ৩৯ রান করে অপরাজিত থেকে যান। ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রানও এটি।
ব্যাটিংয়ের পর বল হাতেও ঝড় তুলে সাত ওভার বল করে ৩৪ রানে তিন উইকেট তুলে নেন আফ্রিদি। শোয়েব আখতার এবং রানা নাভেদ নেন দু’টি উইকেট। আর ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটাও গেছে পাকিস্তানি অধিনায়ক ইনজামামের পকেটে।
