জেএফএ কাপ অনুর্ধ্ব ১৬ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে বুধবার
জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ) কাপ অনুর্ধ্ব ১৬ ফুটবল টুর্নামেন্ট বুধবার থেকে দেশের সাতটি ভেন্যুতে একযোগে শুরু হচ্ছে।
জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই টুর্নামেন্ট আয়োজন করছে।
টুর্নামেন্টের অষ্টম ভেন্যু চাঁদপুরে ৩১ ডিসেম্বর থেকে খেলা শুরু হবে। অন্য সাতটি ভেন্যু হচ্ছে- টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাঙ্গামাটি, সাতক্ষীরা, বাগেরহাট, গাইবান্ধা এবং কুড়িগ্রাম।
টুর্নামেন্টে ৫৫টি জেলা দল, যশোর শিক্ষা বোর্ড এবং বিকেএসপি অংশগ্রহন করবে। কুড়িগ্রাম ছাড়া প্রত্যেকটি ভেন্যুতে খেলবে সাতটি করে দল। কুড়িগ্রামে আটটি দল খেলবে। টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলাগুলো নকআউট ভিত্তিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ভেন্যুর চ্যাম্পিয়ন দল দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে। দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে।
প্রথম রাউন্ডে অংশগ্রহনকারী দলগুলো প্রত্যেকেই আট হাজার টাকা এবং প্রতিটি জয়ের জন্য তিনহাজার টাকা করে পাবে। জেএফএ টুর্নামেন্ট আয়োজনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ২৫ হাজার ডলার দিচ্ছে।
