বিশ্বকাপে নিরাপত্তার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিশ্চয়তা দিয়েছে জার্মানি
২০০৬ সালের ফুটবল বিশ্বকাপের স্বাগতিক দেশ জার্মানি মার্কিন যুক্তরাষ্ট্রকে এই বলে নিশ্চয়তা দিয়েছে, সন্ত্রাসবাদের হুমকির হাত থেকে বিশ্বকাপ ফুটবলকে রক্ষা করতে তারা বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিরাপত্তা বিশেষজ্ঞ এ কথা জানিয়েছেন।
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যেখানে বিশ্বকাপের সময় গুন্ডামির ঝুঁকির উপর গুরুত্বারোপ করেছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র অন্য একটি প্রেক্ষাপট মাথায় রেখে তাদের একটি নিরাপত্তা দলকে আলোচনার জন্য নভেম্বর মাসে বার্লিনে পাঠিয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন নিরাপত্তা বিশেষজ্ঞ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ফোকাস হচ্ছে সন্ত্রাসবাদ। আমেরিকানরা যখন জার্মানির নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে প্রশ্ন করে, তখন সন্ত্রাসবাদের বিষয়টি কেন্দ্রে চলে আসে।
তিনি বলেন, সন্ত্রাসবিরোধী বিশেষজ্ঞ, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) স্টাফসহ আমেরিকানরা আমাদের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট এবং তারা জার্মানিতে নিরাপত্তা বিশেষজ্ঞ পাঠানোসহ নিরাপত্তার ব্যাপারে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
জার্মানির ওই কর্মকর্তা বলেন, আমরা খুব ভাল অবস্থানে রয়েছি, বিশেষ করে সন্ত্রাসবাদ মোকাবিলার ক্ষেত্রেও।
আমেরিকার ফুটবলারদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে জার্মানির ১৬টি রাজ্যের মধ্যে কমপক্ষে চারটি রাজ্যকে নিরাপত্তার বিষয়টি ভাগাভাগি করে দেয়া হবে।
তবে মার্কিন ফুটবল দলটি ঘাঁটি গড়বে হামবুর্গে। তারা গেলসেনকিরচেনে চেক রিপাবলিকের সাথে, কাইজারলটার্নে ইতালির সাথে এবং ন্যুরেমবার্গে ঘানার সাথে লড়বে।
মাসব্যাপী এই ফুটবল টুর্নামেন্ট শুরু হবে ২০০৬ সালের ৯ জুন।
যে সব দেশের ফুটবল ভক্তরা জার্মানিতে খেলা দেখতে পাড়ি জমাবেন তাদের সম্পর্কে তথ্য বিশ্বকাপ ফুটবল শুরুর আগেই জার্মানিতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। তবে এ মুহূর্তে বিশ্বকাপকে লক্ষ্য করে স্পষ্ট কোন হুমকি নেই বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।
তারপরও পৃথিবীর সর্ববৃহৎ ক্রীড়ানুষ্ঠানগুলোর একটি হওয়ার প্রেক্ষিতে ফুটবল বিশ্বকাপ সন্ত্রাসবাদের হামলার মুখোমুখি হওয়ার বিষয়টি স্বাগতিক জার্মানি উড়িয়ে দিচ্ছে না।
এক্ষেত্রে তাদের চিন্তায় কাজ করেছে ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকের দুঃস্বপ্ন। সে সময় ফিলিস্তিনি বন্দুকধারীরা অলিম্পিক ভিলেজে দু’জন ইসরাইলিকে হত্যা করে এবং নয়জনকে জিম্মি করে রাখে। পরবর্তীতে জিম্মিকৃতদের উদ্ধার করতে পরিচালিত অভিযানে সকল জিম্মিসহ, ছয় বন্দুকধারী ও একজন পুলিশ নিহত হয়।
এ সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রী উল্ফগ্যাং স্কয়িউবল বলেন, বিশেষজ্ঞরা বলছেন, সন্ত্রাসীরা বিশ্বকাপের মত ইভেন্টগুলো বিনষ্ট করতে পারবে না। তবে আমরা তাদের কথার উপর নির্ভর করে থাকতে পারি না। মিউনিখ অলিম্পিক গেমসের অভিজ্ঞতা আমাদেরকে আরও সংবেদনশীল করেছে।
