সাফ চ্যাম্পিয়নশীপের শিরোপা ধরে রাখতে ব্যর্থ হলো বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশীপের শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ২০০৩ সালে দেশের মাটিতে মালদ্বীপকে হারিয়ে যে শিরোপা এতদিন নিজেদের ঘরে রেখেছিল বাংলাদেশ, শনিবার করাচীর পিপলস স্পোর্টস কমপ্লেক্সে চতুর্থ সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে দুইবারের চ্যাম্পিয়ন শক্তিশালী ভারতের বিরুদ্ধে ২--০ গোলে হেরে শিরোপা খোয়ালো তারা।
খেলার দুই অর্ধে ভারতের মেহরাজ দ্বিন ওয়াদু ও অধিনায়ক বাইচুং ভুটিয়া একটি করে গোল করেন। এই নিয়ে তিনবার সাফ চ্যাম্পিয়নশীপের শিরোপা ঘরে তুলল ভারত। এর আগে ১৯৯৭ সালে কাঠমান্ডু এবং ১৯৯৯ সালে গোয়া সাফ চ্যাম্পিয়নশীপে শিরোপা লাভ করে ভারত।
ফাইনালে অপেক্ষাকৃত ভালো খেলেই শিরোপা ছিনিয়ে নেয় ভারত। অন্যদিকে ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশকে। প্রতিটি বিভাগেই নি®প্রভ খেলা উপহার দেয় আন্দ্রেস ক্রুসিয়ানির দল।
প্রথম থেকেই মাঝমাঠের নিয়ন্ত্রন নিতে ব্যর্থ হওয়ায় একের পর এক ভারতীয় আক্রমনে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশের ডিফেন্ডাররা। তাছাড়া ডানপ্রান্তে হাসান আল মামুন ভারতের কৃষ্ণান নায়ার অজয়নকে রুখতে ব্যর্থ হলেও কোচ ক্রুসিয়ানি খেলোয়াড় বদলের চিন্তাও করেননি। এই অজয়নই বেশ কয়েকবার বাংলাদেশ রক্ষণদূর্গে ফাটল ধরাতে সক্ষম হন এবং বাইচুং ভুটিয়াকে দ্বিতীয় গোলের উৎসও তৈরী করে দেন।
বাংলাদেশের দুই স্ট্রাইকার- কাঞ্চন এবং ফরহাদ ক্রমাগত ব্যর্থ হলেও কোচ ক্রুসিয়ানি কেন যে বদলী খেলোয়াড় হিসেবে এমিলিকে মাঠে নামাননি তা বোঝা যায়নি।
ম্যাচের ৩২ মিনিটেই এগিয়ে যেতে পারত বাংলাদেশ। কিন্তু কাঞ্চনের ডিফেন্স চেরা ক্রসটি ভারতের গোলপোস্টের সামনে দাঁড়িয়ে থেকেও বল পায়ে লাগাতে না পারায় গোলের দেখা পায়নি।
তবে মিনিট খানেক পরই পাল্টা আক্রমন থেকে গোল আদায় করে নিতে ভুল করেননি ভারতের ডিফেন্ডার মেহরাজ দ্বিন ওয়াদু। বাংলাদেশের সীমানার বাইরে থেকে বাঁকানো শটে গোলরক্ষক আমনুলকে পরাভুত করেন মেহরাজ। বাঁ দিক থেকে উড়ে আসা ক্রস বাংলাদেশের ডিফেন্ডাররা আটকাতে ব্যর্থ হলে ভারতের অধিনায়ক ভুটিয়া বল বাড়িয়ে দেন মেহরাজের উদ্দেশ্যে, মেহরাজের তীব্র শটটি আমিনুলকে বোকা বানিয়ে গোলপোস্টে ছুঁয়ে জালে আশ্রয় নেয়।
প্রথমার্ধে এক গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশের মনোবল সম্পূর্নভাবে ভেঙ্গে পড়ে এবং ফুটবলারদের এলোমেলো খেলায় হারিয়ে যায় লাতিন ছন্দের ফুটবল। এই সুযোগে ভারতীয়রা আরও জোরালোভাবে চেপে বসে বাংলাদেশের উপর।
বিরতির পরপরই আন্তত দু’টি জোরালো ভারতীয় আক্রমন থেকে বেঁচে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের সাত মিনিটে মেহরাজের বুলেটগতির একটি শট ক্লিয়ার করেন রজণী এবং পরবর্তী মিনিটে ভারতীয় মিডফিল্ডার ভেংকটেশ ফাঁকা পোস্ট পেয়েও বাতাসে বল ভাসিয়ে দেন। বাংলাদেশের ডিফেন্ডার- হাসান আল মামুন এবং আবুল হোসেন, দু’জনে মিলেও আটকাতে পারেননি অজয়নকে, দ্রুতগতির এই উইংগার ভুটিয়াকে যে লোপ্পা বল বানিয়ে দেন তা থেকে বল জালে ঠেলতে ভুল করেননি ভারতীয় দলনেতা।
ভারত: সন্দ্বীপ, সুরকুমার সিং, মহেশ গাওলী, মঞ্জু (হাকিম), মেহরাজ, ভেংকটেশ, অজয়ন, লরেন্স, রহিম, ভুটিয়া, সুরেশ।
বাংলাদেশ: আমিনুল, সুজন, রজণী, টিটু, হাসান আল মামুন, জয়, আরমান (আবুল), মুন্না, আলফাজ, ফরহাদ, কাঞ্চন।
