করাচিতে ১৬৫ রানে বিধ্বস্ত ইংল্যান্ড
পাকিস্তানের উদ্বোধনী জুটি ঠিক করতে সেখানকার ক্রিকেটকর্তাদের পাশাপাশি কোচ বব উলমারকে কম গলদঘর্ম হতে হয়নি।
এই মুহূর্তে তাদের অবশ্য ঘাম দিয়ে জ্বর ছাড়ার কথা। কারণ সালমান বাটের সাথে উইকেট রক্ষক কামরান আকমল ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে যেভাবে ব্যাট চালাচ্ছেন, তাতে করে তাদের সম্পর্কে এরকম কথাই মানানসই।
পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ইনিংসের সূচনা করতে এসে সেঞ্চুরি হাঁকিয়ে কোচ উলমারের চোখে নতুন স্বপ্ন এঁকে দিয়েছিলেন কামরান। বৃহস্পতিবার করাচি ন্যাশনাল স্টেডিয়ামে তৃতীয় ম্যাচেও কামরানের ব্যাট হেসে ওঠায় তার চোখে আবারও নতুন করে খুশির ঝিলিক দেখা গেল। টানা দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি হাঁকালেন উইকেটের পেছনের এই অতন্দ্র প্রহরী।
শুধু কামরানের কথা বললে অন্যায় করা হবে। মোহাম্মদ ইউসুফের ৬৮, নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে নামা আফ্রিদির ৩১, অধিনায়ক ইনজামামের ৪৫ এবং আব্দুল রাজ্জাকের ঝড়ো গতির ৫১ রানে ভর করে ছয় উইকেটে ৩৫৩ রানের পাহাড় গড়ে পাকিস্তান।
টসে জিতে স্বাগতিকদের বালিংয়ের মুখে ঠেলে দেয় ইংল্যান্ড। কিন্তু ইংলিশ অধিনায়ক মার্কাস ট্রেসকোথিকের সিদ্ধান্তটি ভুল প্রমান করেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। ইংলিশদের বোলারদের রীতিমত কাঁদিয়েছেন ইনজামাম বাহিনী।
উদ্বোধনী জুটিতে সালমান ব্যর্থ হলেও কামরান ছিলেন যথারীতি সফল। মনের সুখে পিটিয়েছেন ইংলিশ বোলারদের। মাঝে অবশ্য ইউনিস খান শুন্যরানে ফিরে গেছেন। সালমান (২৯) ও ইউনিসের উইকেট দু’টি তুলে নেন লিয়াম প্লাঙ্কেট। ইউনিস যখন আউট হন স্কোর বোর্ডে তখন জমা পড়েছে ৮৪ রান। এ অবস্থা থেকে দলের রান ১৮৮ পর্যন্ত নিয়ে যান কামরান এবং মোহাম্মদ ইউসুফ। দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়ে কামরান যখন কলিংউডের বলে প্লাঙ্কেটের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান, তখন তার নামের পাশে লেখা হয়েছে ১০৯ রান। ১১১ বলে ১২টি বাউন্ডারিতে সাজানো ছিল তার এই সেঞ্চুরিটি।
এরপর শহীদ আফ্রিদিকে নিয়ে আরও ৪৬ রান যোগ করেন মোহাম্মদ ইউসুফ। বেশিদুর যেতে পারেননি আফ্রিদি। তবে মাত্র ১৪ বলে তিনটি চার ও দু’টি ছক্কার সাহায্যে করা তার ৩১ রানের ইনিংসটি অল্প সময়ের জন্য হলেও গ্যালারী মাতিয়ে রেখেছিল।
আরও ৩৮ রান যোগ হওয়ার পর প্যাভিলিয়নে ফেরেন মোহাম্মদ ইউসুফ। ইউসুফ ৬৫ বলে সাতটি চারের মাধ্যমে ৬৮ রান করে কলিংউডের দুর্দান্ত একটি থ্রোতে রানআউট হন।
এরপর শুরু হয় ইনজামাম-রাজ্জাক অ্যাকশন। পাকিস্তানের রানের স্রোত ঠেকানো তো দুরের কথা, ইংলিশ ফিল্ডারদের এসময় বলের পেছনে ছুটতে ছুটতেই গলদঘর্ম হতে দেখা গেছে। রাজ্জাককে সাথে নিয়ে ইনজামাম মূল্যবান ৭৮ রান যোগ করার পর ফ্লিনটফের বলে বোল্ড হয়ে যান। অন্যদিকে রাজ্জাক মাত্র ২২ বলে পাঁচটি চার ও তিনটি বিশাল ছক্কার সাহায্যে ৫১ রানের একটি ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থেকে যান।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ইংল্যান্ডের জবাবটা মোটেই ভালো হয়নি। এতবড় টার্গেটের পেছনে ছুটে ৪০ রানে তিন উইকেট হারানোটা ভালো বলা যায়না কিছুতেই। একে একে পিরে যান ট্রেসকোথিক (২২), প্রাইওর (২) এবং বিক্রম সোলাঙ্কি (০)।
ইংল্যান্ড যা কিছু প্রতিরোধ গড়েছে তা ওই মিডল অর্ডার এবং নীচের দিকের ব্যাটসম্যানদের ব্যাটে ভর করে। অধিকাংশ ইংলিশ ব্যাটসম্যান দুই অংকের রান করতে সক্ষম হলেও দলের পরাজয় ঠেকানোর জন্য তা যথেষ্ট ছিলনা। নিয়মিত বিরতিতেই উইকেট পড়েছে সফরকারীদের। ৪২ ওভারে ১৮৮ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।
ইংল্যান্ডের ইনিংসের সর্বোচ্চ রান আসে ইয়ান বেল’র ব্যাট থেকে। ৪২ বরে পাঁচটি চারের সাহায্যে ৩৭ রান করে অপরাজিত থাকেন বেল। এছাড়া ফ্লিনটফ ৩৬ এবং স্ট্রস ২৩ রান করেন।
এই জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২--১ এ এগিয়ে গেল স্বাগতিকরা।
